উপমন্ত্রী জয়ের কাণ্ডে সচিবালয়ে ক্ষোভ
যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের কাণ্ডে ওই মন্ত্রণালয় ছাড়াও প্রশাসন ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বলছেন, এই ঘটনার বিচার হওয়া উচিত। গতকাল সোমবার সচিবালয়ে শুধু যুব মন্ত্রণালয় নয়, অন্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও ক্ষোভ প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন সচিব এ ঘটনাকে ন্যক্কারজনক মন্তব্য করে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর উচিত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অন্তত তাঁকে একটি ‘বার্তা’ দেওয়া। না হয় এ ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে, অন্য মন্ত্রীরা আমলাদের সঙ্গে এমন আচরণ করবেন।
অন্যদিকে, এ বিষয়ে গতকাল মন্ত্রিসভা বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রাথমিকভাবে তাঁকে বিষয়টি জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এর বাইরে তিনি কিছু বলেননি।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রোববার উপমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের কক্ষ তছনছ ও একজন জ্যেষ্ঠ সহকারী সচিবের কক্ষে তালা লাগিয়ে দেন বলে অভিযোগ ওঠে। গণমাধ্যমে সংবাদ হলে এ নিয়ে সমালোচনা শুরু হয়। জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে উপমন্ত্রীর নাম না থাকায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকেও জানানো হয়েছে।