উপমন্ত্রী জয়ের বিরুদ্ধে অভিযোগ তদন্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। কার দোষ ছিল এবং কার গাফিলতি ছিল, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল সোমবার সন্ধ্যায় সাভারের গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানস্থলে ঢোকার আগে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা গত শুক্রবার উপমন্ত্রী আরিফ খানের বিরুদ্ধে তাঁকে (মলয়) গালাগাল এবং লাথি মেরে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সন্ধ্যায় সাভারের গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘অনেক বিদেশি বন্ধু আমাদের রক্তচক্ষু দেখিয়েছেন। এখনো দেখাচ্ছেন। অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশে ও বিদেশে। কিন্তু সব উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’
ছাত্র সংসদের নেতাদের আলোকিত বাংলাদেশ গড়ার সৈনিক হওয়ার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খান আরও বলেন, ছাত্র সংসদ হচ্ছে নেতা তৈরির জায়গা। এই প্রক্রিয়ার অভাব ছিল অনেক দিন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে আবার ছাত্র সংসদ তৈরি হচ্ছে। এরই অগ্রযাত্রায় ভোটের মাধ্যমে গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতারা অভিষিক্ত হচ্ছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ এনামুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহাম্মেদ প্রমুখ।