উপমন্ত্রীর নেতৃত্বে অভিযান সাত কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের দায়ে রাজধানীর শ্যামপুর ও কদমতলী শিল্প এলাকায় সাতটি কারখানা সিলগালা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকালে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলামের নেতৃত্বে এক অভিযানে কারখানাগুলো সিলগালা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলগালা করা কারখানাগুলো হলো—চাঁদনী টেক্সটাইল মিলস লিমিটেড, সীমা টেক্সটাইল মিলস লিমিটেড, এসএস ডাইং, রানা এন্টারপ্রাইজ লিমিটেড, নূরে মদিনা ডাইং মিলস, ইভানা ডাইং মিলস লিমিটেড ও সুগন্ধা ডাইং মিলস লিমিটেড। এ ছাড়া ইমাম ডাইং ও ফিলকুলী ডাইং কারখানার মালিকদের ২০ মে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর প্রথম আলোকে বলেন, শ্যামপুর ও কদমতলী শিল্প এলাকায় ৪০টি ডাইং ও ওয়াশিং কারখানা আছে। পরিবেশ অধিদপ্তরের দূষণের মাত্রানুযায়ী কারখানাগুলো লাল শ্রেণিভুক্ত। কারখানাগুলো বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়াই পরিচালিত হচ্ছিল। আর অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি বুড়িগঙ্গা নদীতে নির্গত হচ্ছিল।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানকারীদের দেখে অনেক মালিক ও কর্মচারী পালিয়ে যান। বাকি কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উপমন্ত্রীর নেতৃত্বে অভিযানের পরিকল্পনা ও তত্ত্বাবধান করেছেন মো. আলমগীর। ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ও পরিদর্শক সাইফুল ইসলাম।