উপমন্ত্রীর মর্যাদা চাইলেন বিরোধী দলীয় প্রধান হুইপ
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী উপমন্ত্রীর মর্যাদা ও তাঁর দপ্তরের জন্য ২০ হাজার টাকা আপ্যায়ন ভাতা দাবি করেছেন। এ বিষয়ে তিনি সম্প্রতি স্পিকারকে চিঠি দিয়েছেন।
গত ৩১ মে অনুষ্ঠিত সংসদ সচিবালয়ের কমিশনের বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপের এই চিঠি নিয়ে আলোচনা হয় বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সংসদ সচিবালয় থেকে জানা যায়, ছয় বছর আগে সংসদ সচিবালয় কমিশনের ২০তম বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপের পদটিকে উপমন্ত্রীর মর্যাদা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপের দপ্তরে একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী ও একজন অফিস সহকারী নিয়োগ দেওয়ার ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়। কিন্তু সংসদ সচিবালয়ের জনবল কাঠামোতে বিরোধীদলীয় ওই দপ্তরের জন্য জনবল অনুমোদন না থাকায় নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।
তাজুল ইসলাম চৌধুরী তাঁর চিঠিতে ২০তম বৈঠকের আলোচনার কথা উল্লেখ করে বলেন, ‘ছয় বছর আগে সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় বিরোধীদলীয় চিফ হুইপের পদটিকে উপমন্ত্রীর মর্যাদার সমমানে উন্নীত করার সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তাব করছি।’
জানতে চাইলে তাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চিঠি দিয়েছি। দেখা যাক কী হয়। তিনি আরও বলেন, দাবিটি আমি নিজের স্বার্থে করিনি। ভবিষ্যতে যাঁরা বিরোধীদলীয় চিফ হুইপ হবেন, তাঁরাও একই সুবিধা ভোগ করবেন।’
বর্তমানে সরকারি দলের চিফ হুইপ ও হুইপদের রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। তাঁরা যথাক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন এবং সমান বেতন-ভাতা পেয়ে থাকেন। বিরোধী দলের চিফ হুইপ এ সুবিধা পান না।