উপমন্ত্রীর মর্যাদা দেওয়ায় মেয়র আইভীর কৃতজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রকে উপমন্ত্রীর মর্যাদা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান তিনি।
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘২০১১ সালের ৩০ অক্টোবর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছিল। মাননীয় প্রধানমন্ত্রী সেই ইচ্ছার প্রতিফলন পূরণ করেছেন। আমি মনে করি, এটা নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। নারায়ণগঞ্জবাসী তা পেয়েছেন। এতে মর্যাদা (স্ট্যাটাস) বাড়ল কি বাড়ল না, সেটা বড় কথা নয়। নারায়ণগঞ্জবাসী যেভাবে আমাকে দেখতে চান, আমি সেভাবেই থাকব।’
মেয়র বলেন, ‘উপমন্ত্রীর মর্যাদা দেওয়ায় কাজের পরিধি ও চাপ আরও বেড়েছে। কাজের পরিধি সব সময়েই বাড়বে। মানুষের চাহিদা অনেক বেশি। হয়তো আমরা সেভাবে কাজ করতে পারিনি। জনগণের চাহিদা অনুযায়ী কাজ করার চেষ্টা করে যাব।’
গতকাল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে মন্ত্রী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রকে উপমন্ত্রীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ খবরে নারায়ণগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন মেয়র আইভীকে ফুলেল শুভেচ্ছা জানায়।