উপমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন না জেলা পরিষদের প্রশাসকেরা
সদ্য দায়িত্ব নেওয়া জেলা পরিষদের প্রশাসকেরা উপমন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, এই পদমর্যাদা কেবল জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের ক্ষেত্রে হতে পারে।দায়িত্ব নেওয়ার পর থেকে কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল, জেলা পরিষদের প্রশাসকেরা উপমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন।এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) অশোক মাধব রায় গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘পদমর্যাদার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এটি সরকারের সিদ্ধান্তের ব্যাপার।’ তিনি বলেন, পরিষদের প্রশাসকেরা আইনে নির্ধারিত কাজগুলো করবেন।জেলা পরিষদ আইন অনুযায়ী, জেলার সব উন্নয়ন কার্যক্রম পর্যালোচনাসহ ১২টি বাধ্যতামূলক কাজ করার কথা বলা আছে জেলা পরিষদের। এ ছাড়া শিক্ষা, সংস্কৃতি, সমাজকল্যাণ, জনস্বাস্থ্য, অর্থনৈতিক কল্যাণসহ বেশ কিছু ঐচ্ছিক কাজও করতে হবে। আইন অনুযায়ী, একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের পাঁচজন নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হওয়ার কথা; যাঁদের নির্বাচিত করবেন সংশ্লিষ্ট এলাকার সিটি করপোরেশন (থাকলে), উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা। পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা বাদে বাকি ৬১টি জেলা পরিষদে ১৫ ডিসেম্বর রাজনৈতিক ব্যক্তিদের (আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা) প্রশাসক নিয়োগ করেছে সরকার। পাঁচ দিন পর গত মঙ্গলবার তাঁরা দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচিত না হওয়ায় শপথ ছাড়াই তাঁরা দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিলেও এখনো পুরোপুরি কাজ শুরু করেনটি এসব প্রশাসক। মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক মো. মিয়াজান আলী গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার দায়িত্ব নিলেও এখনো পুরোদমে কাজ শুরু করিনি। সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে পরিচিতিমূলক সভা করছি। গতকালও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি।’ পদমর্যাদার বিষয়ে জানতে চাইলে মিয়াজান আলী বলেন, ‘এখনো তো আগের আইনই বহাল আছে। দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে জানতে পারব।’একই কথা বলেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. আবদুল হাই। তিনি বলেন, পদমর্যাদার বিষয়ে তাঁরা এখনো কোনো নির্দেশনা পাননি।