উপমা এখনো বুঝতে পারেনি বাবা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার পোলারে আমার কাছে আইন্না দেও’—কথাগুলো বলেই বুক চাপড়াচ্ছিলেন বাবুলের মা বেলা রানী দেবী। ‘আমারে কইছইন তাইন বাসাত আইরা (বাড়িতে আসছেন)। হায়রে, হা-য়-রে...বলেই বারবার মূর্ছা যাচ্ছেন বাবুলের স্ত্রী লিপি রানী দেবী। চার বছরের মেয়ে উপমা এখনো বুঝতেই পারেনি তার বাবা আর নেই। সকালে ঘুম থেকে ওঠে বাড়িতে লোকজনের ভিড় দেখে উপমা ভয়ে দাদিকে জড়িয়ে ধরে বসেছিল ঘরের মেঝেতে। পাশে মেঝেতে প্রায় সংজ্ঞাহীন শুয়ে থাকা মাকে জড়িয়ে ধরে একবার মায়ের চোখের জল মুছে দিচ্ছে। আরেকবার দাদিকে জড়িয়ে ধরছে। মা এবং দাদিকে কাঁদতে দেখে বাবাকে খবর দেওয়ার জন্য পাশের বাড়ির এক কাকাকে বারবার অনুরোধ করছে উপমা। শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামে আমজাদ আলী সড়কে বাবুল দেবনাথের বাড়ির এই দৃশ্যটি গত সোমবার দুপুরের। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত রোববার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে জুয়েলারি দোকানের মালিক বাবুল দেবনাথকে (৩৫) দুর্বৃত্তরা খুন করে। পুলিশ সোমবার সকালে আমজাদ আলী সড়কের পাশে একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে। বাবুল শ্রীমঙ্গল পৌর এলাকার নতুন বাজারে সোনার বাংলা মার্কেটের মামণি জুয়েলার্সের মালিক।বাবুলের বাবা জওহরলাল দেবনাথ জানান, বাবুল রাত সাড়ে নয়টায় দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হয়। রাত ১০টার দিকে স্ত্রী লিপির সঙ্গে মুঠোফোনে বাবুলের কথা হয়। তখন বাবুল জানায়, বাড়ির কাছাকাছি হাজি আছদ্দর আলী সড়কে মসজিদের সামনে এসে গেছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও বাড়িতে না পৌঁছায় সাড়ে ১০টার দিকে লিপি আবারও ফোন করে। এ সময় রিং হলেও বাবুল আর ফোন ধরেনি। তখনই বুঝতে পারে, কিছু একটা হয়েছে। সকালে গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে তিনি (জওহরলাল) বাড়ি থেকে অনুমান ৭০০ গজ দূরে একটি ধানখেতে বাবুলের লাশ শনাক্ত করেন।প্রতিবেশীরা জানায়, বাবুল সবসময় হাস্যোজ্জ্বল ছিলেন। কারও সঙ্গে শত্রুতা কিংবা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল বলেও কারও জানা নেই। তবে গত ১৫ দিনের মধ্যে ওই এলাকায় কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের আশপাশ এলাকায় নেশাখোর যুবকদের আড্ডা রয়েছে। গতকাল মঙ্গলবার বাবুল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও শোক জানাতে অর্ধবেলা শ্রীমঙ্গলে জুয়েলারি দোকান মালিক সমিতি সব দোকান বন্ধ রাখে।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বলেন, গত সোমবার রাতে নিহত ব্যক্তির বাবা শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় গতকাল সকালে পৌর এলাকার রামকৃষ্ণ মিশন সড়ক থেকে দরবেশ মিয়াকে (৪১) সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।