মানুষকে উপযুক্ত আবাসনের সম্ভাব্য সুযোগ থেকে বঞ্চিত করে দারিদ্র্য। বাসস্থান ও দারিদ্র্যের মধ্যে অর্থপূর্ণ যোগাযোগ রয়েছে। এ কারণে বাসস্থানের অভাব নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি।
গতকাল বুধবার ‘বাসস্থান, ভূমি এবং স্বল্প আয়ের মানুষের সেবা’বিষয়ক এক গোলটেবিল আলোচনায় এ অভিমত উঠে এসেছে। হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি, বাংলাদেশের উদ্যোগে ডেইলি স্টার ভবনের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সেন্টার ফর আরবান স্টাডির কর্মকর্তা নূরুল ইসলাম। প্রবন্ধে তিনি বলেন, দেশের ২৭টি ছোট-বড় শহরে ৪৪ হাজার দরিদ্র জনবসতি রয়েছে, যেখানে প্রায় ১১ লাখ ২০ হাজার দরিদ্র পরিবার বসবাস করে। ২০১০ সালে এমন পরিবারের সংখ্যা ছিল ২০ লাখেরও বেশি।
প্রবন্ধে বলা হয়, ভূমি এবং আবাস, পরিবেশগত সেবা, অবকাঠামো, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা—এই বিষয়গুলোর বিবেচনায় বাসস্থান, অর্থনৈতিক ও পরিবেশগত সেবার অবস্থা নাজুক। অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সীমিত এবং পরিবেশগত সেবার অবস্থাও যথেষ্ট নয়।
পানি, পয়ঃনিষ্কাশন ও আবর্জনা ব্যবস্থাপনার মতো বিষয়গুলো পরিবেশগত সেবায় সবার আগে স্থান দেওয়া উচিত বলে প্রবন্ধে বলা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক গোলাম রহমান বলেন, উন্নয়ন বিকেন্দ্রীকরণ করলেই অনেক সমস্যার সমাধান হবে। তাহলেই গ্রামীণ দরিদ্র গোষ্ঠী ঢাকামুখী না হয়ে নিজ এলাকায় থাকবে। ঢাকায়ও স্বল্পমূল্যের বাসস্থান করা উচিত।
অপর বিশেষ অতিথি বাংলাদেশ আরবান ফোরামের উপদেষ্টা মোস্তফা কাইউম খান বলেন, নগরায়ণকে কখনো নিরুৎসাহিত করা উচিত নয়। তবে একে পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। শহরে বস্তিবাসীদের জন্য স্থায়ী আবাসনব্যবস্থা রাখা উচিত কি না, সে বিষয়ে প্রশ্ন রাখেন পরিকল্পনাবিদ ও স্থপতি আনসার হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনডিভিইউএসের প্রতিনিধি মো. আবদুল হামিদ, সেইভ দ্য চিলড্রেনের কর্মকর্তা মো. মোজাফফর প্রমুখ।
স্বাগত বক্তব্যে হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশের পরিচালক জন এ আর্মস্ট্রং বলেন, দারিদ্র্য, নিরাপদ ভূমি ও বাসস্থানের অবস্থা পারস্পরিক সম্পর্কযুক্ত। এ জন্য ভূমি, আবাস ও দারিদ্র্যের এই পারস্পরিক সম্পর্ক বিবেচনা করে এর আশু সমাধানের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি।