উপযুক্ত ক্ষতিপূরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপযুক্ত ক্ষতিপূরণসহ দোষীদের শাস্তির দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন সাভারের ধসে পড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের স্বজনেরা। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি এ কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০টায় ধসে পড়া ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখ্তারের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা দীপক রায়, সাভার শাখার সংগঠক আলম মাতব্বর, ঢাকা নগর কমিটির সংগঠক মুসা কলিমউল্লাহসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বক্তব্য দেন।
তাসলিমা আখ্তার বলেন, ২০ মাস আগে রানা প্লাজার শ্রমিকদের বাড়ি থেকে ডেকে এনে হত্যা করা হয়। অথচ পৃথিবীর ইতিহাসে জঘন্যতম এই শ্রমিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনো শাস্তির ব্যবস্থা করা হলো না। আইনের ফাঁকফোকর দিয়ে খুনিরা একের পর এক জামিনে বের হয়ে যাচ্ছে। তিনি বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় ১ হাজারেরও বেশি শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২ হাজার। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। এর পরও তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া নিয়ে সরকার বা মালিকপক্ষের কোনো মাথাব্যথা নেই।
তাসলিমা আখ্তার আরও বলেন, ক্ষতিপূরণ নিয়ে অনেক আওয়াজ দেওয়া হচ্ছে। কিন্তু মূলত তাঁদের দেওয়া হচ্ছে অনুদান। এই অনুদানও দেওয়া হচ্ছে ৪০ শতাংশ হারে। তা-ও আবার সমান হারে নয়, কাউকে কম কাউকে বেশি।
দীপক রায় বলেন, তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা এনে ক্ষতিগ্রস্ত সব শ্রমিককে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি আদালতে অভিযোগপত্র দাখিল করে দ্রুততার সঙ্গে বিচারপ্রক্রিয়া শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।
সমাবেশ শেষে ধসে পড়া ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের নিউমার্কেটের সামনে দিয়ে ঘুরে রানা প্লাজার সামনে এসে শেষ হয়।