উপযুক্ত ব্যবস্থার পরই ঠেঙ্গারচরে যাবে রোহিঙ্গারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পাঠানো হবে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। তারা বলেছে, ঠেঙ্গারচর বসবাসের অনুপযোগী বলে যারা প্রচার চালাচ্ছে, তা অপপ্রচার। 

সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আজ রোববার এই মত দেওয়া হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মতামত ব্যক্ত করা হয় যে রোহিঙ্গাদের জন্য অস্থায়ী ভিত্তিতে হলেও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ঠেঙ্গারচরে স্থানান্তরিত করা হবে। এখানে তাদের প্রতি অমানবিক আচরণের প্রশ্ন ওঠে না। কমিটি এ বিষয়ে সরকারের পরিকল্পনার প্রশংসা করে।

ঠেঙ্গারচর বসবাসের উপযুক্ত নয় এবং সরকার রোহিঙ্গাদের বিরান ভূমিতে স্থানান্তরের অমানবিক সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান যে উদ্বেগ প্রকাশ করেছে, বৈঠকে তার নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে এবং যারা নতুনভাবে প্রবেশ করেছে, তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়। কমিটি বলেছে, রোহিঙ্গা সমস্যার উৎপত্তি মিয়ানমারে। তাই মিয়ানমারকে এর সমাধান করতে হবে।

কমিটির সভাপতি সাবেক মন্ত্রী দীপু মনির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গোলাম ফারুক খন্দকার, রাজী মোহাম্মদ ফখরুল ও সেলিম উদ্দিন অংশ নেন।