উপযোগিতা নেই, তবু মোটরযানে স্টিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরযান আইনে নেই। আধুনিক নম্বর প্লেট চালু হওয়ার পর উপযোগিতাও নেই। তবু মোটরযানে স্টিকার লাগানো চালু রাখছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী তিন বছর এই স্টিকার সরবরাহের জন্য একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশও দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবছর যানবাহনের চলাচলের উপযোগিতা (ফিটনেস), চলাচলের অনুমোদন (রুট পারমিট) ও আয়কর পরিশোধের সনদের পাশাপাশি এসব ক্ষেত্রে স্টিকারও মালিকদের নিতে হবে। আগামী তিন বছরে ৪৫ লাখ স্টিকার সরবরাহের জন্য যৌথভাবে হোলস্টিক ইন্ডিয়া-স্ক্যান ম্যাপকে গত সপ্তাহে কার্যাদেশ দিয়েছে বিআরটিএ। প্রতিষ্ঠানটি প্রতিটি স্টিকার সরবরাহ করবে ৪০ টাকায়। আর যান মালিকদের কাছ থেকে প্রতি স্টিকার বাবদ বিআরটিএ নেবে ৪৫ টাকা। অর্থাৎ এই খাতে তিন বছরে মালিকদের গচ্চা যাবে ২০ কোটি ২৫ লাখ টাকা। এর আগে হোলস্টিক-আইসল একাত্তর এক বছরের জন্য এ কাজ পেয়েছে। হোলস্টিক ভারতভিত্তিক এবং স্ক্যান ম্যাপ এ দেশীয় প্রতিষ্ঠান।
স্টিকার সরবরাহকারী প্রতিষ্ঠান নিয়োগের দরপত্র-প্রক্রিয়াতেও রয়েছে অনিয়মের অভিযোগ। গত বছরের সেপ্টেম্বরে এই দরপত্র আহ্বান করা হয়।
বিআরটিএর সূত্র জানায়, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরযানের সংখ্যা ১৯ লাখ ৮১ হাজার ৪৪৪টি। এর মধ্যে ১০ লাখ ৬১ হাজার ২৬৯টি মোটরসাইকেলের কেবল নিবন্ধন লাগে। ব্যক্তিগত নতুন গাড়িরও পাঁচ বছরের ফিটনেস মওকুফ আছে। বাকি সব ধরনের মোটরযানের প্রতিবছর প্রযোজ্য সনদ নিতে হয়। এই সনদ নেওয়ার সময় যানের সামনের কাচে স্টিকার লাগানো শুরু হয় ২০০০ সালের দিকে। কিন্তু ২০১২ সালে মোটরযানের জন্য আধুনিক নম্বর প্লেট ও বিশেষ ধরনের নিরাপত্তা ট্যাগ (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন—আরএফআইডি) বাধ্যতামূলক করায় স্টিকারের কার্যকারিতা শেষ হয়ে যায়। কারণ, যেসব কারণে স্টিকার নিতে হয়, আরএফআইডি ট্যাগে এর সবই—অর্থাৎ নিবন্ধন, ফিটনেস, রুট পারমিট ও মালিকানার হালনাগাদ তথ্য থাকার কথা।
যোগাযোগ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, গাড়িতে আধুনিক এই ব্যবস্থা থাকলে স্টিকারের দরকার নেই। এর পরও স্টিকার বহাল রাখা মানে হবে যান মালিকদের জন্য বাড়তি খরচ। আরএফআইডি চালুর পর বিআরটিএ স্টিকার বন্ধের বিষয়ে নীতিগত সিদ্ধান্তও নিয়েছিল। প্রায় ছয় মাস স্টিকার দেওয়া বন্ধও আছে।
বিআরটিএ সূত্র জানায়, আধুনিক নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ পেতে মালিককে প্রাইভেট কার, বাসসহ বড় যানের জন্য সাড়ে চার হাজার এবং মোটরসাইকেল ও অটোরিকশার জন্য দুই হাজার ২০০ টাকা দিতে হচ্ছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রতিটি আধুনিক নম্বর প্লেট তৈরিতে ৪০০-৫০০ টাকার বেশি খরচ হওয়ার কথা নয়। মূলত বিভিন্ন সড়কে আরএফআইডির সঙ্গে সংশ্লিষ্ট যন্ত্র বসানো এবং ট্রাফিক পুলিশের জন্য আনুষঙ্গিক সরঞ্জাম কিনতে বেশির ভাগ অর্থ ব্যয় করার কথা। যন্ত্র বসানো হলে এর পাশ দিয়ে যানবাহন যাওয়ার সময় সব কাগজপত্র হালনাগাদ আছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
ট্রাফিক পুলিশের একাধিক সদস্য জানান, পুলিশ ওই স্টিকার দেখে না। যানবাহনের নিবন্ধন, চালক লাইসেন্সসহ ছয় ধরনের কাগজ দেখে।
জানতে চাইলে বিআরটিএর পরিচালক (প্রকৌশল) সাইফুল হক প্রথম আলোকে বলেন, ‘স্টিকার অনেক দিন ধরেই দেওয়া হচ্ছে। দরকার আছে বলেই দিচ্ছি। এ বিষয়ে আর কিছু বলা যাবে না।’
দরপত্র-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ: অভিযোগ রয়েছে, সরকারি ক্রয়ের আগে পণ্যের মান, নকশা, উপাদানসহ নানা তথ্যসংবলিত শর্ত (স্পেসিফিকেশন) তৈরির জন্য কমিটি করার নিয়ম থাকলেও এই স্টিকারের দরপত্রের ক্ষেত্রে মানা হয়নি। হোলস্টিক-আইসল ২০১২ সালে যে স্পেসিফিকেশনে কাজ পেয়েছিল, এবারও দরপত্রে তা-ই উল্লেখ করা হয়েছে। ফলে দরপত্রে অন্যান্য প্রতিষ্ঠানের অংশ নেওয়ার সুযোগ সংকুচিত হয়ে যায়। হোলস্টিক-স্ক্যান ম্যাপের সঙ্গে অথর্ব ডেটা ফরমস নামের একটিমাত্র প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিলেও মূল্যায়নের সময় অথর্বর দেওয়া ব্যাংক গ্যারান্টিকে ভুয়া বলে চিহ্নিত করে মূল্যায়ন কমিটি। ফলে যোগ্য বিবেচিত হয় হোলস্টিক-স্ক্যান ম্যাপ। মূলত এদের কাজ দিতেই স্টিকার চালু রাখা হচ্ছে।
অভিযোগ উঠেছে, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সহকারী একান্ত সচিব (এপিএস) আবুল তাহের মো. মুহিদুল হকের সঙ্গে স্ক্যান ম্যাপ লিমিটেডের স্বত্বাধিকারী জাহিদুর রেজার ঘনিষ্ঠতা রয়েছে। রেজার ব্যবসায়িক অংশীদার মোর্তাজা আল মোসাব্বির। মন্ত্রণালয়ে মুহিদুলের কক্ষে রেজার যাতায়াত রয়েছে। মোসাব্বির ও রেজাকে একই মোটরসাইকেলে চড়ে বিআরটিএর প্রধান কার্যালয়ে যাতায়াত করতেও দেখা গেছে। মোসাব্বিরকেও যোগাযোগ মন্ত্রণালয়ে প্রায়ই দেখা যায়।
জানতে চাইলে আবুল তাহের মো. মুহিদুল হক প্রথম আলোকে বলেন, ‘কে কাজ পাবে তা ঠিক করে বিআরটিএ। এতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। কাজ পাওয়ার জন্য অনেকেই অনেক কথা বলতে পারেন।’ স্ক্যান ম্যাপের জাহিদুর রেজাকে চেনেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘উনি আমাদের মন্ত্রণালয়ে মাঝেমধ্যে আসেন।’
জাহিদুর রেজা বলেন, ‘কাজটি দিতে আমার পক্ষে কেউ তদবির করেনি। মোসাব্বির আমার বন্ধু, ব্যবসায়িক অংশীদার। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি।’
দরপত্রে অনিয়মের অভিযোগের বিষয়ে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি সাইফুল হক বলেন, কয়েক বছর আগে একবার স্পেসিফিকেশন হয়েছিল। এটা দিয়েই চলছে। প্রতিযোগিতাহীন দরপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আর কিছু বলতে পারব না।’
গত বুধবার যোগাযোগ করা হলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রণালয়ের বিষয়ে কিছু জানার থাকলে সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। যোগাযোগসচিব এম এ এন সিদ্দিক বুধবার বলেন, এ বিষয়ে তিনি খোঁজ নেবেন।