উপরিভাগের মাটি বিক্রি আবাদি জমির বারোটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে আবাদি জমির উপরিভাগের মাটি বিক্রি করা হচ্ছে। কিছু ব্যবসায়ী জমির মালিকদের টাকার প্রলোভন দেখিয়ে মাটি কিনে নিচ্ছেন। তাঁরা এসব মাটি ইটভাটার মালিক ও ঠিকাদারদের কাছে চড়া দামে বিক্রি করছেন। এতে জমির উর্বরতা শক্তি কমে যাওয়ায় ফসল উৎপাদন কমে যাচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঝাকুয়াপাড়া, রহিমাপুর, ঘনিরামপুর, পলাশবাড়ী, বালাপাড়া, শাহপাড়া, বালাবাড়ি, মেনানগর, দরগারপাড়া, ডাঙ্গাপাড়া, আলমপুর, খিয়ারজুম্মা, চিকলী, অনন্তপুর এলাকায় মাটি কেনাবেচা হয় সবচেয়ে বেশি। প্রতিবছর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত চলে মাটি বিক্রির ব্যবসা। উপজেলার ইকরচালী, সয়ার, কুর্শা, আলমপুর ও হাড়িয়ারকুঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় গিয়ে দেখা গেছে, ইটভাটায় আগামী বছরের জন্য মাটি কিনে মজুদ করা হচ্ছে। ব্যবসায়ীরা কিনে চড়া দামে উপজেলার ২০টি ইটভাটা এবং বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের কাছে মাটি বিক্রি করছেন। ঠিকাদারেরা সড়ক ও ভবনের নিচের অংশ ভরাটের কাজে এই মাটি ব্যবহার করছেন। কৃষকেরা জানান, প্রতিবছর উপরিভাগের মাটি কেটে নেওয়ায় জমি নিচু হয়ে যাচ্ছে। এসব নিচু জমিকে বর্ষাকালে পানি থাকায় ফসল উৎপাদন করা যাচ্ছে না। শাহাপাড়া গ্রামের মাটি ব্যবসায়ী মর্তুজা রহমান বলেন, ২৪ শতক জমিতে দেড় ফুট গভীর করে মাটি কেটে নিলে ১৫ হাজার ঘনফুট মাটি পাওয়া যায়। প্রতি হাজার ঘনফুট মাটির জন্য ইটভাটার মালিক তিন হাজার টাকা করে দেন। সে হিসাবে ১৫ হাজার ঘনফুটের জন্য ৪৫ হাজার টাকা দেওয়া হয়। এতে পরিবহন ও লেবার বাবদ খরচ হয় ২৮ হাজার টাকা। জমির মালিক মাত্র নয় হাজার টাকা পান। সরকারপাড়া গ্রামের আরেক মাটি ব্যবসায়ী চান মিয়া বলেন, ‘কৃষকেরা ওমার (তাঁদের) জমির মাটি ব্যাচায় বলি তো আমরা কিনি নিই। জোর করি তো হামরা কারও জমির মাটি কাটি আনি না।’উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সাধারণত কৃষিকাজে জমির উপরিভাগের এক ফুট মাটি কাজে লাগে। এই এক ফুটের মধ্যেই নাইট্রোজেন, পটাশিয়াম, সালফার, জিংকসহ ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় ১৬টি খাদ্য ও জৈব উপাদান থাকে। কিন্তু উপরিভাগের দেড় ফুটের মতো কেটে নেওয়ায় এসব উপাদান আর মাটিতে থাকে না। এতে উর্বরতা শক্তি কমে যায়। মাটি কেটে নেওয়া জমিতে উর্বরতা ফিরে আসতে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত লেগে যায়। এ জন্য কৃষকদের মাটি বিক্রি না করার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।ইকরচালী গ্রামের কৃষক জুয়েল হক বলেন, ‘মাটি বেচলে জমির ক্ষতি হয়—এ কথা কোনা তো হামাক কায়ো কয় নাই। অভাবের সময় নগদ ২৪ শতক জমির জন্যে নয় হাজার টাকা বাড়িত দিয়া যায় বলে তো হামরা মাটি বেচাই।’বালাপাড়া গ্রামের কৃষক রোমান আহম্মেদ বলেন, ‘আগোত যা হইছে হইছে, এবার থাকি আর মাটি ব্যাচামো না। ভালো করি গবর সার দিয়া গত বছরোত মাটি ব্যাচে ফেলা জমিগুলার শক্তি ফিরামো।’আলমপুর ইউনিয়নের আরবিএল ইটভাটার মালিক রহিম উদ্দিন বলেন, ‘মাংনায় (বিনা পয়সায়) তো আর কাহো মাটি দ্যায় না, অভাবের সময় হামারটে টাকা নিয়া যায় বলে তো হামরা জমির মাটি কাটি আনি। টাকা না নিলে তো আননো না হয়।’