উপলক্ষ ব্যবসার, ভোগান্তি পথচলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের সুরমা পয়েন্টে ফুটপাত দখল করে দোকান বসানোর দৃশ্য বুধবার তোলা l প্রথম আলো
সিলেট নগরের সুরমা পয়েন্টে ফুটপাত দখল করে দোকান বসানোর দৃশ্য বুধবার তোলা l প্রথম আলো

ঈদ উপলক্ষে ফের ভাসমান হকারদের দখলে চলে গেছে ফুটপাত। নগরের গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশের ফুটপাত দখল
করে হকাররা ব্যবসা করছেন।
নির্বাচনে জয়ী হয়ে গত বছরের ১৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী
হকারদের কাছ থেকে ফুটপাত মুক্ত করে নগরবাসীর প্রশংসা পান।
বছর না ঘুরতেই সেই ফুটপাত আবার বেদখল হয়ে পড়ায় নগরবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেবল ঈদ উপলক্ষে
হকারদের ফুটপাতে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা
গেছে, নগরের গুরুত্বপূর্ণ বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সিটি পয়েন্ট, সুরমা পয়েন্ট, কিনব্রিজ মুখ,
সুবিদবাজার এলাকার ফুটপাত ভাসমান ব্যবসায়ীরা দখল করে ব্যবসা চালাচ্ছেন। তাঁরা কাপড়চোপড়, জুতা, সিডি-ভিসিডি,
সবজি, ফলমূল, প্রসাধনসামগ্রীসহ নানা ধরনের পসরা বসিয়েছেন।
নগরবাসীর অনেকে জানান, পুনরায় ফুটপাত বেদখল হয়ে পড়ায় পথচারীদের হাঁটাচলার পথ রুদ্ধ হয়েছে। হকাররা ফুটপাত
ছাড়াও মূল সড়ক দখল করে ব্যবসা চালানোয় কয়েক দিন ধরে নগরে যানজট অধিক মাত্রায় বেড়ে গেছে।
বন্দরবাজার থেকে আম্বরখানামুখী সিএনজিচালক মোয়াজ্জেম হোসেন জানান, হকাররা ফুটপাত এবং মূল সড়ক দখল করে
ব্যবসা করায় পথচারীরা অনেক সময় সড়কের মাঝখান দিয়ে চলাচল করেন। এতে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকতে
হচ্ছে।
নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমর বিজয় সী শেখর বলেন, যে কারণেই হোক, ফুটপাতে পুনরায় হকারদের পুনর্বাসন
করা ঠিক হয়নি।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ঈদ উপলক্ষে কোনো একটি
নির্দিষ্ট মাঠে বা খোলা স্থানে হকারদের পুনর্বাসন করে ব্যবসার সুযোগ তৈরি করে দেওয়া যেত। কিন্তু কোনোভাবেই ফুটপাত
পুনরায় বেদখল হওয়াটা সমর্থনযোগ্য নয়। এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। খোদ অর্থমন্ত্রীও একাধিকবার পুলিশকে
ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েও ব্যর্থ হয়েছিলেন। তাই একবার যখন ফুটপাত দখলমুক্ত হয়েছিল, তাই সেটি
অব্যাহত রাখা উচিত।
মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘খুদে ব্যবসায়ী হওয়ায় কেবল ঈদ পর্যন্ত ফুটপাত থেকে হকারদের
উচ্ছেদে কিছুটা নমনীয় থাকবে সিটি করপোরেশন। তবে পথ চলতে নগরবাসীর যাতে ভোগান্তি না হয়, সেদিকে দৃষ্টি
থাকবে। ঈদের পরপর ফুটপাতে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না।