বিদ্যালয়ের মাঠ ডুবে আছে। চারপাশের রাস্তাঘাটেও পানি। কোনো শিক্ষার্থীই বিদ্যালয়ে আসেনি। ফলে রাজশাহী নগরের উপশহর এলাকার ১ নম্বর সেক্টরে অবস্থিত স্যাটেলাইট টাউন হাইস্কুলে গতকাল সোমবার কোনো ক্লাস হয়নি। শিক্ষকেরা এসে শুধু বসে ছিলেন।
গতকাল সকালের বৃষ্টিতে নগরজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাতে রাজশাহীতে ৩ দশমিক ২ মিলিমিটার এবং গতকাল সকাল ছয়টা থেকে দুপুর পর্যন্ত ৩১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সকালের দিকে তুমুল বৃষ্টি হয়েছে। পরে হালকা বৃষ্টি হয়েছে।
সকালের প্রথম দফা বড় বৃষ্টির পর সকাল আটটার দিকে নগরের সাহেব বাজার গণকপাড়া, সাগরপাড়া, শহীদ কামারুজ্জামান চত্বরসহ নগরের বেশির ভাগ এলাকায় প্রায় হাঁটুপানি জমে যায়। এই পানির সঙ্গে ড্রেনের ময়লাও রাস্তার ওপর ভেসে আসে।
দুই ঘণ্টা পর পানি সরে গেলেও নগরের উপশহর এলাকার পানি আর নামেনি। ওই এলাকার শিক্ষার্থীরা বিদ্যালয়েও যেতে পারেনি। অনেক জায়গায় দু-চারজন শিক্ষার্থীকে রাস্তায় দেখা গেলেও তারা কাদা-পানিতে ভিজে একাকার।
উপশহর স্যাটেলাইট টাউন হাইস্কুলের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম বলেন, সকালে বিদ্যালয়ে এসে দেখেন, কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে আসেনি। বিদ্যালয়ের ভেতরের ও বাইরের মাঠে পানি। রাস্তাঘাটও ডুবে আছে। এ জন্য শিক্ষার্থীরা আসেনি। তিনি বলেন, এলাকার পানিনিষ্কাশনব্যবস্থা সুষ্ঠু না হওয়ায় এই দুর্ভোগে পড়তে হচ্ছে।
উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও গতকাল জলাবদ্ধতার কারণে কোনো ক্লাস হয়নি। গতকাল দুপুর পর্যন্ত বিদ্যালয়ের মাঠ পানিতে ডুবে ছিল। পাশের রাস্তাতেও ছিল পানি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, একটি ক্লাসে চার-পাঁচজনের বেশি শিক্ষার্থী আসেনি। যারা এসেছে তাদের সবার জামাকাপড় ভেজা। এ জন্য তাদের আর ক্লাস নেওয়া সম্ভব হয়নি। শিক্ষকেরা এসে শুধু বসে আছেন। তিনি বলেন, বৃষ্টির পানি এই এলাকা থেকে সহজে নিষ্কাশন হয় না।
উপশহর ১ নম্বর হাউজিং এস্টেট এলাকায় গিয়ে দেখা যায়, প্রতিটি বাড়ির সামনে হাঁটুসমান পানি জমে আছে। ঘর থেকে সরাসরি রিকশায় ওঠা ছাড়া উপায় নেই।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, নগরের উপশহর এলাকায় তাঁদের দুই হাজার ফুট দীর্ঘ একটি ড্রেনের কাজ চলছে। এটি সাত ফুট চওড়া হবে। আগে তিন ফুট চওড়া ছিল। এই ড্রেনের কাজ শেষ হলে নগরের ষষ্ঠিতলাসহ উপশহরের পানি সহজেই নেমে যাবে। এই ড্রেনের কাজ করতে গিয়ে জায়গায় জায়গায় বালুর বস্তা দিয়ে বাঁধ দিতে হয়েছে। বৃষ্টি হলেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়।