উপসচিব থেকে ওপরের পদে ২৯৮ নারী কর্মকর্তা: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম। ফাইল ছবি
সৈয়দ আশরাফুল ইসলাম। ফাইল ছবি

প্রশাসনে উপসচিব ও তার ওপরের পদে ২৯৮ জন নারী কর্মকর্তা কর্মরত আছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান।
পিনু খানের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী বলেন, ২৯৮ জনের মধ্যে সচিব ৪ জন, যুগ্ম সচিব ১০৮ ও উপসচিব ১৮৬ জন। এঁদের মধ্যে জেলা প্রশাসক পর্যায়ে ৩ জন নারী কর্মরত আছেন। মাতৃত্বকালীন ছুটি ও শিক্ষা ছুটিসহ বিভিন্ন কারণে ৪১ জন নারী ওএসডি আছেন।
নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশের সকল ক্যাডার কর্মকর্তাদের ডেটাবেজ প্রস্তুত করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের সকল কর্মকর্তা ও অন্যান্য ক্যাডারের উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাদের ডেটাবেজ বর্তমানে চালু আছে। এটাকে আরও সম্প্রসারিত করে সকল কর্মকর্তাদের জন্য ডেটাবেজ প্রস্তুত করা হয়েছে। এ পর্যন্ত মোট ৩৮ হাজার ২৪১ জন কর্মকর্তার নিবন্ধন হয়েছে এবং ২৮ হাজার ৬৫৩ জনকে নতুন পরিচয়পত্র দেওয়া হয়েছে।
নুরজাহান বেগমের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, বিগত বিএনপি সরকারের আমলে ৪২ জন এবং বর্তমান সরকারের আমলে ৫ জন সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে।
তবে প্রশ্নকর্তা আওয়ামী লীগ সরকারের গত আমলে কতজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সে সম্পর্কে জানতে চাননি। মন্ত্রী এ বিষয়ে কোনো তথ্য জানাননি।

মামুনুর রশীদের প্রশ্নের জবাবে মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেন, বর্তমানে দেশে ১৩৬টি সরকারি মত্স্য বীজ উৎপাদন খামার রয়েছে।
প্রশ্নপর্বের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়।