উপসচিব পদে আরেক দফায় পদোন্নতি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ না থাকলেও জনপ্রশাসনে উপসচিব পদে আরেক দফায় পদোন্নতি হতে যাচ্ছে। শিগগিরই এই পদোন্নতি হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার পদোন্নতি-সংক্রান্ত সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভা অনুষ্ঠিত হয়েছে। তবে কতজন ও কাদের পদোন্নতি হবে, তা চূড়ান্ত হয়নি।
জানতে চাইলে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, সভায় পদোন্নতির বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো সিদ্ধান্ত হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, বিসিএস ২০তম ব্যাচ পর্যন্ত কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতির প্রক্রিয়া চলছে। তবে ২১তম ব্যাচের কর্মকর্তারাও চাচ্ছেন একই সঙ্গে তাঁদেরও পদোন্নতি দেওয়া হোক। যুক্তি হিসেবে তাঁরা বলছেন, তাঁদের চাকরির বয়স প্রায় ১২ বছর হয়ে গেছে।
বর্তমানে উপসচিব আছেন এক হাজার ২৯৬ জন। কিন্তু পদ আছে প্রায় সাড়ে আট শ। এ কারণে অনেকে পদোন্নতি পেয়েও এক স্তর নিচের জ্যেষ্ঠ সহকারী সচিবের পদে চাকরি করে যাচ্ছেন। অপরিকল্পিতভাবে পদোন্নতি দেওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।