উপসচিব পদে কোটা সংরক্ষণ বৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজাতন্ত্রের উপসচিব পদে পদোন্নতি বা নিয়োগের ক্ষেত্রে বিসিএস প্রশাসন ক্যাডারের জন্য ৭৫ শতাংশ কোটা সংরক্ষণের বিধান বৈধ। তবে অতিরিক্ত ও যুগ্ম সচিব পদে নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের জন্য ৭০ শতাংশ কোটা সংরক্ষণের বিধান বৈধ নয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ রায় দিয়েছেন।গতকাল সোমবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ছয়জন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল আংশিক মঞ্জুর করে এ রায় দেন।উপসচিব পদে পদোন্নতি বা নিয়োগের ক্ষেত্রে বিসিএস প্রশাসন ক্যাডারের জন্য ৭৫ শতাংশ কোটা সংরক্ষণের বিধান অবৈধ ও বেআইনি ঘোষণা করে ২০০২ সালের ১৩ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে সরকার ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা আপিল করেন। আদালতে আপিলকারীদের পক্ষে আইনজীবী এম আমীর-উল ইসলাম ও আবদুর রব চৌধুরী এবং রিট আবেদনকারীর পক্ষে আজমালুল হোসেন কিউসি এবং এম কামরুল হক সিদ্দিকী শুনানিতে অংশ নেন। এম আমীর-উল ইসলাম প্রথম আলোকে বলেন, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৭৫ শতাংশ কোটা সংরক্ষণ বৈধ বলে রায় দিয়েছেন আদালত। অতিরিক্ত ও যুগ্ম সচিবদের ক্ষেত্রে কোটা পদ্ধতি বৈধ নয় বলা হয়েছে।এম কামরুল হক সিদ্দিকী প্রথম আলোকে বলেন, রায়ে অতিরিক্ত ও যুগ্ম সচিবদের নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের জন্য ৭০ শতাংশ কোটা সংরক্ষণ অবৈধ বলে সিন্ধান্ত দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আংশিক মঞ্জুর করা হয়েছে।১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারি উপসচিব পদে পদোন্নতি বা নিয়োগের ক্ষেত্রে বিসিএস প্রশাসন ক্যাডারের জন্য ৭৫ শতাংশ কোটা সংরক্ষণের বিধান রেখে নীতিমালা তৈরি করা হয়।