উপসচিব পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু
জনপ্রশাসনে এবার জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভায় ব্যাচভিত্তিক কর্মকর্তাদের চাকরির নথিপত্র পর্যালোচনা করা হয়েছে। এ দফায় আড়াই শর বেশি কর্মকর্তাকে উপসচিব করা হতে পারে।প্রথম দিনে ১১তম ব্যাচ এবং আগে যেসব কর্মকর্তা পদোন্নতি পাননি, তাঁদের চাকরির নথিপত্র পর্যালোচনা করা হয়। আগামী সপ্তাহে এসএসবির সভা আবার বসবে।গত রোববার ১৫৮ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে চারটি ধাপে প্রথম বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছিল। তখন ২৭১ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।এসএসবির সভায় ১৯৯৩, ’৯৪ ও ’৯৫ সালে চাকরিতে যোগ দেওয়া কর্মকর্তাদের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বিএনপি-জামায়াত জোট সরকার এবং বর্তমান সরকারের আমলে উপসচিব পদে পদোন্নতির প্রক্রিয়ায় যেসব কর্মকর্তা বাদ পড়েছিলেন, এ রকম কমবেশি ১০০ জন থেকেও স্বল্পসংখ্যক কর্মকর্তাকে এবার পদোন্নতি দেওয়ার সম্ভাবনা রয়েছে।জানা যায়, ’৯৩ ব্যাচে ১৭৫ জন, ’৯৪-এ ১৮০ জন ও ’৯৫ ব্যাচে ৭৫ জন কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতির প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন। তবে নীতিমালা অনুযায়ী এসব ব্যাচের সবাই যোগ্য বলে বিবেচিত হবেন না।সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ এ প্রসঙ্গে বলেন, ‘নীতিমালার মধ্য থেকে যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁরা পদোন্নতি পাবেন—এটুকু নিশ্চয়তা দেওয়া যায়।’