উপসচিব হলেন ১৮২ জন আরও পদোন্নতি আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে উপসচিব পদে একসঙ্গে ১৮২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। তাঁরা এত দিন জ্যেষ্ঠ সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তা ছিলেন। বেশ কিছুদিন ধরে আলোচনার পর গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতির এই আদেশ জারি করে।জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার পদোন্নতির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তবে পদোন্নতি হলেও পদের অভাবে বেশির ভাগ কর্মকর্তাকে আপাতত আগের পদেই থাকতে হবে। বর্তমানে উপসচিবের পদ আছে ৮৩০টি। কিন্তু কর্মরত আছেন এক হাজার ৫৩২ জন। নতুন পদোন্নতি পাওয়া উপসচিব মিলিয়ে এই সংখ্যা আরও বাড়ল। এ ছাড়াও লিয়েন ছুটিতে থাকা ২০ কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাঁরা ছুটি শেষে ফেরার পর পদোন্নতি কার্যকর হবে।নিয়মানুযায়ী উপসচিব পদে পদোন্নতির সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। আপাতত আগের পদে রেখেই তাঁদের পদায়নের বিষয়ে আদেশ জারির প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সাপ্তাহিক ছুটির পর অফিস খুললেই কর্মকর্তারা পদায়নের আদেশ পেয়ে যাবেন।জনপ্রশাসনের কর্মকর্তারা বলেছেন, গত বছরের ফেব্রুয়ারিতে একসঙ্গে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে ৬৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার পর এটাই সবচেয়ে বড় পদোন্নতি। ফেব্রুয়ারিতে উপসচিব পদে পদোন্নতি হয়েছিল ২৫৮ জনের। গত মাসে ১৭ জন ভারপ্রাপ্ত সচিবকে পূর্ণ সচিব করা হয়। এবারের পদোন্নতিতেও কিছু কর্মকর্তা যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন। পদোন্নতি পাওয়া বেশ কয়েকজন কর্মকর্তা বর্তমানে প্রতিমন্ত্রী, সচিব ও সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিবের দায়িত্ব পালন করছেন। প্রশাসনের বাইরে অন্যান্য ক্যাডার থেকে উপসচিব করার ক্ষেত্রে অনেককে বঞ্চিত করা হয়েছে বলে কেউ কেউ অভিযোগ করেছেন। তবে জনপ্রশাসনসচিব এ অভিযোগ নাকচ করে বলেছেন, যাঁদের যোগ্যতা আছে তাঁদের সবাইকেই পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে অধিকাংশই বিসিএস ১৭ ও ১৮তম ব্যাচের কর্মকর্তা। তবে আগে পদোন্নতি না হওয়া কিছু কর্মকর্তাও পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ১৩২ জন প্রশাসন ক্যাডারের এবং ৫০ জন অন্যান্য ক্যাডারের। পদোন্নতি পাওয়া সব কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করার পর তাঁদের বেশির ভাগই গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন।আরও পদোন্নতি আসছে: যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদেও পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এবার আলাদা আলাদাভাবে পদোন্নতি দেওয়া হবে। এই প্রক্রিয়ায় পরবর্তী ধাপে যুগ্ম সচিব পদে পদোন্নতি হবে। এরপর অতিরিক্ত সচিব পদে পদোন্নতি হবে।