উপসচিবসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য যন্ত্রপাতি কেনার প্রায় ১৪ কোটি আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সাবেক উপসচিব, ছয়জন চিকিৎসকসহ ১৩ জনের নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানায় দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (অনুসন্ধান ও তদন্ত) মো. আমিরুল ইসলাম মামলা দুটি করেন। এর আগে বুধবার কমিশনের সভায় এ মামলা করার অনুমোদন দেওয়া হয়।
একটি মামলার আসামিরা হলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত উপসচিব আবদুল মালেক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালক এস জেড আতিক, সাতক্ষীরা সদর হাসপাতালের জ্যেষ্ঠ সার্জারি বিশেষজ্ঞ রুহুল কুদ্দুস, জ্যেষ্ঠ অর্থোপেডিক বিশেষজ্ঞ এ কে এম জাহাঙ্গীর আলম, নাক-কান-গলা বিশেষজ্ঞ নারায়ণ প্রসাদ সান্যাল, গাইনি বিশেষজ্ঞ রহিমা খাতুন, সাতক্ষীরার সদর হাসপাতালের সাবেক আবাসিক চিকিৎসা কর্মকর্তা মারুফ হাসান, সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম সোহরাব হোসেন, সাতক্ষীরা সমাজসেবা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, গণপূর্ত বিভাগের সাতক্ষীরা-১-এর উপবিভাগীয় প্রকৌশলী মো. হারুন-অর রশিদ, ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের অ্যাসিস্ট্যান্ট রিপেয়ার কাম ট্রেনিং ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান এবং ঢাকার সেগুনবাগিচার বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির মালিক মো. জাহের উদ্দিন সরকার।
জাহের উদ্দিন সরকার ছাড়া বাকি ১১ জনকে অপর মামলায় আসামি করা হয়েছে। এ মামলার আরেকজন আসামি ঢাকার নয়াপল্টনের মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. আবদুস ছাত্তার।
দুটি মামলাতেই একই অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়েছে, সাতক্ষীরা মেডিকেল কলেজের জন্য ভারী যন্ত্রপাতি, ইডিসিএল-বহির্ভূত ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, গজ, ব্যান্ডেজ, তুলা, রাসায়নিক সামগ্রী, কিচেন সামগ্রী ও আসবাব কেনার জন্য ২০১৩ সালের ৯ এপ্রিল ও ২০ মে দুটি দরপত্র আহ্বান করা হয়। দুটি প্রতিষ্ঠান এই দরপত্রে অংশ নেয়।
অভিযোগে বলা হয়, এই যন্ত্রাংশ কেনার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও পরিচালক এস জেড আতিককে সভাপতি করে সার্জারি বিশেষজ্ঞ রহুল কুদ্দুস, অর্থোপেডিক বিশেষজ্ঞ জাহাঙ্গীর আলম, নাক-কান-গলা বিশেষজ্ঞ নারায়ণ প্রসাদ সান্যাল, গাইনি বিশেষজ্ঞ রহিমা খাতুন, চিকিৎসা কর্মকর্তা মারুফ হাসান, স্বাস্থ্য কর্মকর্তা সোহরাব হোসেন, সমাজসেবা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ও প্রকৌশলী হারুন-অর রশিদকে নিয়ে মূল্যায়ন কমিটি করা হয়। ওই কমিটি বাজারদর অপেক্ষা অনেক বেশি দামে আবদুস ছাত্তারের মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনাল ও জাহের উদ্দিন সরকারের বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যালকে সরবরাহ আদেশ দেয়। এই কাজে ও বিল পরিশোধে সহযোগিতা করেন উপসচিব আবদুল মালেক। তাঁরা পরস্পর যোগসাজশ করে ৯ এপ্রিলের দরপত্রের মাধ্যমে ৬ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ২৪ টাকা ও ২০ মে দরপত্রের মাধ্যমে ৭ কোটি ৫১ লাখ ২১ হাজার ৫০১ টাকা আত্মসাৎ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, দুটি দরপত্রের বিপরীতে দুটি মামলা হয়েছে।
যোগাযোগ করলে এস জেড আতিক বলেন, তাঁদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়।