উপসচিবসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রপাতি কেনার নামে পরস্পর যোগসাজশে প্রায় সাড়ে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নয় চিকিৎসক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সাবেক উপসচিবসহ মোট ১৭ জনের বিরুদ্ধে তিনটি আলাদা মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার কমিশনের সভায় মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, দু-এক দিনের মধ্যে মামলাগুলো করা হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ, সদর হাসপাতাল এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগে এসব মামলা হচ্ছে।
অনুমোদিত দুটি মামলায় সাতক্ষীরা মেডিকেল কলেজে যন্ত্রপাতি কেনার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মোট ১৩ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
যাঁদের বিরুদ্ধে মামলা অনুমোদন হয়েছে তাঁরা হলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও পরিচালক এস জেড আতিক, সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট রুহুল কুদ্দুস ও এ কে এম জাহাঙ্গীর আলম, জুনিয়র কনসালট্যান্ট নারায়ণ প্রাসাদ সান্যাল ও রহিমা খাতুন, আবাসিক মেডিকেল অফিসার মারুফ হাসান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার এ কে এম সোহরাব হাসান, সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, কুষ্টিয়া গণপূর্ত উপবিভাগ-১-এর হারুন-অর-রশীদ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব আবদুল মালেক, মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আবদুস সাত্তার, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকেল কোম্পানির মালিক জাহের উদ্দিন সরকার ও ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেইনিং সেন্টারের অ্যাসিস্ট্যান্ট রিপেয়ার হাবিবুর রহমান।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রপাতি কেনার নামে ৭৪ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মোট পাঁচজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। এঁরা হলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক মো. আবু বকর সিদ্দিক, হাসপাতালের সাবেক পরিচালক এম বি এম ইকবাল ও মো. সিদ্দিকুর রহমান, ব্লেয়ার এভিয়েশনের মালিক মো. মোকছেদুল ইসলাম এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব (হাসপাতাল-২) আবদুল মালেক।