উপসচিবের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব সোলায়মান মণ্ডলের বিরুদ্ধে কিশোরী গৃহকর্মীকে হত্যার অভিযোগ এনে গতকাল সোমবার রাজধানীর পল্টন থানায় মামলা করেছেন ওই গৃহকর্মীর বাবা।পল্টন থানা ও রংপুর কোতোয়ালি থানার পুলিশ জানায়, নূরজাহান বেগম (১৩) নামের ওই কিশোরী উপসচিব সোলায়মান মণ্ডলের রাজধানীর ১১২ শান্তিনগরের বাসায় গৃহকর্মীর কাজ করত। কিশোরীর বাবার নাম নূর ইসলাম। গ্রামের বাড়ি রংপুর সদরের সাতগাড়া ইউনিয়নের হাজীপাড়া গ্রামে। ১৪ জুলাই হঠাৎ করেই কিশোরীর লাশ একটি মাইক্রোবাসে নিয়ে রংপুরে হাজির হন উপসচিব সোলায়মান মণ্ডল। ডায়রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে নূর ইসলামকে জানান উপসচিব সোলায়মান। মিথ্যা বুঝিয়ে বাবাকে লাশ গছিয়ে দিয়ে তিনি চলে আসেন। পরে গ্রামের লোকজন লাশের গায়ে ক্ষতচিহ্ন এবং তা থেকে পচা গন্ধ বের হওয়া দেখে পুলিশে খবর দেন। রংপুর কোতোয়ালি থানার পুলিশ এসে লাশ ময়নাতদন্ত করতে পাঠায়। পরে গতকাল মেয়ের বাবা রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা করেন।রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হায়দার আলী মোল্লা জানান, পুলিশ গিয়ে দেখে লাশ থেকে পচা গন্ধ বের হচ্ছে। লাশটি শুকিয়ে কঙ্কাল অবস্থায় ছিল। বোঝা যায় কয়েক দিন আগে ওই কিশোরী মারা গেছে। তার পিঠে, পায়ে, মাথায় ক্ষতচিহ্ন ছিল। পায়ের পাতা ছিল পোড়া। উপসচিব সোলায়মান মণ্ডল রংপুর শহরের একটি ছাত্রাবাসে মেয়ের বাবাকে ডেকে এনে লাশ গছিয়ে দেন। তিনি একটি পিকআপ ভাড়া করে দিয়ে লাশ মেয়ের গ্রামের বাড়িতে পাঠান। তবে মেয়েটি কবে মারা গেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।এ বিষয়ে উপসচিবের সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ১৪ জুলাই থেকেই তিনি ছুটিতে রয়েছেন।