উপসচিবের স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ
কিশোরী গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক উপসচিবের স্ত্রীর বিরুদ্ধে। নির্যাতনের অভিযোগে গতকাল বুধবার মোহাম্মদপুর থানায় মামলা করেছে ঘটনার শিকার কিশোরী তাহমিনা (১৪)। মোহাম্মদপুর থানার হেফাজতে থাকা তাহমিনার গোটা শরীরে রয়েছে মারের চিহ্ন ও দগদগে ঘা।গতকালের ঘটনা প্রসঙ্গে পুলিশ জানায়, উপসচিব রাশেদুল ইসলামের বাসায় প্রায় এক বছর থেকে কাজ করত তাহমিনা। বিভিন্ন সময় তাহমিনাকে মারধর করতেন উপসচিবের স্ত্রী মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের বাংলা বিভাগের শিক্ষক শারমিনা রহমান। মেয়েটিকে রুটি বানানোর বেলন ও গরম খুন্তি দিয়ে মারধর করা হয়েছে। তার চোখের ভেতর আঙুল ঢুকিয়ে দিতেন গৃহকর্ত্রী। গৃহকর্ত্রী শারমিনা রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর স্বামী উপসচিব রাশেদুল ইসলাম প্রথম আলোর কাছে মুঠোফোনে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ওগুলো তার পুরোনো দাগ। সে প্রায় এক বছর থেকে এ বাসায় রয়েছে। ওগুলো আগেই ছিল।’মোহাম্মদপুর থানার অপারেশন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, এ বিষয়ে নির্যাতনের শিকার মেয়েটি বাদী হয়ে রাশেদুল ইসলামের স্ত্রীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা (মামলা নম্বর ৬২) করেছে। পুলিশ গতকাল মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ২ নম্বর সড়কের ১২ নম্বর রাশেদুলের বাসায় গিয়ে দেখে, বাসায় তালা মারা।ঘটনার শিকার তাহমিনা থানায় জানায়, তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। গত কোরবানি ঈদের সময় এক খালাতো ভাইয়ের মাধ্যমে সে ওই বাড়িতে ওঠে। কথা ছিল, গৃহকর্তা প্রতি মাসে তার নামে টাকা রাখবে। সেই টাকা দিয়ে তার বিয়ে দেওয়া হবে, তাকে জমি কিনে দেওয়া হবে। সেই বাড়িতে কাজ নেওয়ার কয়েক দিন পর থেকেই গৃহকর্ত্রী তাকে মারধর শুরু করেন। গতকালই মাছে তেল বেশি দেওয়ায় তার মাথায় সয়াবিন তেল ঢেলে দিয়েছেন গৃহকর্ত্রী। থানায় দেখা গেল তার মাথায় চুপচুপে সয়াবিন তেল। তার পিঠে দগদগে ঘা। দুই হাতে অসংখ্য দাগ।তাহমিনার অভিযোগ, টিভি দেখলে তার চোখে আঙুল ঢুকিয়ে দিতেন গৃহকর্ত্রী। এ ছাড়া বিভিন্ন সময় গরম খুন্তি, বেলন ইত্যাদি হাতের কাছে যা পেতেন, তা দিয়েই চলত মারধর। গতকাল গৃহকর্ত্রী তাকে খুন্তি দিয়ে মারধরের হুমকি দিলে সে বেলা দুইটার দিকে ময়লা ফেলার অজুহাতে পালিয়ে আসে। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে প্রথমে র্যাবের কাছে ও পরে পুলিশের হেফাজতে দেয়।