উপসচিবের স্বাক্ষর জাল করে আটক এনা প্রপার্টিজের কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি এলাকায় আটতলা আবাসিক ভবনের ফ্ল্যাট হস্তান্তরের কাগজপত্র জালিয়াতি করেছে এনা প্রপার্টিজ লিমিটেড৷
এ অভিযোগে বুলবুল আহমেদ নামের প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে গত বৃহস্পতিবার গণপূর্ত মন্ত্রণালয়ে আটকও করা হয়েছে৷ সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা তাঁকে আটক করেন৷
মন্ত্রণালয় সূত্র জানায়, এনা প্রপার্টিজের ওই কর্মকর্তা গ্রাহকদের কাছে ফ্ল্যাট হস্তান্তরের জন্য ফি জমা দেওয়ার একটি চিঠি বানিয়ে উপসচিব সায়লা ফারজানার স্বাক্ষর নকল করেছেন৷
এনার ওই কর্মকর্তার কাছে সচিবালয়ে ঢোকার পাস বিক্রি করায় জ্বালানি মন্ত্রণালয়ের কর্মচারী (এমএলএসএস) বেলাল হোসেনকেও আটক করা হয়েছে।
সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এনা প্রপার্টিজের কর্মকর্তা বুলবুল আহমেদ প্রায়ই মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মচারীর কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকায় পাস কিনে সচিবালয়ে ঢোকেন। বৃহস্পতিবারও তিনি কামাল আকতার নামের এক গ্রাহককে নিয়ে গণপূর্তসচিব গোলাম রব্বানীর কাছে যান।
ওই গ্রাহকের বক্তব্যের মাধ্যমে সচিব জানতে পারেন, এনা প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালকের আবেদনের পরিপ্রেক্ষিতে ধানমন্ডি আবাসিক এলাকার ৮ নম্বর সড়কের ৫০০ ডব্লিউ (পুরাতন) ২ (নতুন) প্লটের সাত কাঠা জমির ওপর নির্মিত আটতলা ভবনের পাঁচটি ফ্ল্যাট হস্তান্তরের জন্য ফি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ফি জমা দিতে তিনি এসেছেন৷ মন্ত্রণালয়ের উপসচিব একটি চিঠি ইস্যু করেছেন৷ চিঠিতে প্রাপক হিসেবে এনা প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাংসদ এনামুল হকের নাম উল্লেখ করা আছে। গণপূর্তসচিব তখন উপসচিব সায়লা ফারজানাকে ডেকে আনেন।
উপসচিব জানান, তিনি এ ধরনের কোনো চিঠিতে স্বাক্ষর করেননি। তাঁর স্বাক্ষর জাল করা হয়েছে। এর পরই এনা প্রপার্টিজের কর্মকর্তা বুলবুলকে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়।
জানতে চাইলে বুলবুল আহমেদ প্রথম আলোকে জানান, তাঁর অফিস থেকে এ চিঠি আনার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তাই তিনি স্বাক্ষর জাল করে গ্রাহকদের এই চিঠি দিয়েছেন।
কিন্তু এই গ্রাহক চিঠিটি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ে আসতে চাইলে তিনি তাঁকে সচিবালয়ে নিয়ে আসেন। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত নয়।
কীভাবে সচিবালয়ে ঢুকলেন জানতে চাইলে বুলবুল বলেন, বেলাল হোসেনের কাছ থেকে পাস কিনে তিনি সচিবালয়ে ঢোকেন।
জ্বালানি মন্ত্রণালয়ের কর্মচারী বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, বুধবার জ্বালানি বিভাগের যুগ্ম সচিব আবদুল হাকিমের কাছ থেকে পাস নিয়ে তিনি বুলবুলের কাছে ২০০ টাকায় বিক্রি করেন। ওই কর্মকর্তা বৃহস্পতিবার অফিসে না থাকায় তিনি আরেক যুগ্ম সচিব জিয়াউর রহমানের কাছ থেকে পাস নিয়ে বিক্রি করেন। বেলাল বলেন, আর্থিক অবস্থা ভালো নয় বলে তিনি এ সুযোগটি নিয়েছেন৷
সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা বিষয়টি তদন্ত করছেন। আটক দুজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হবে।