উপসহকারী কৃষি কর্মকর্তার পদ হ্রাসের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তার ৩৪টি পদ হ্রাসের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। জেলার সাধারণ কৃষকের ব্যানারে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন হয়।
কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন জেলার হাজার হাজার কৃষক। তাই আগের মতো কৃষি ব্লক বিভাজন করে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়ে তাঁরা ওই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম আব্রাহাম লিংকন, চাষী নুরন্নবী সরকার, জিতেন্দ্র নাথ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার পদ ১ হাজার ১৫৭টি বৃদ্ধি করা হয়েছে। অথচ চক্রান্তমূলকভাবে কুড়িগ্রামে ৩৪টি পদ হ্রাস করা হয়েছে। এ ব্যাপারে তাঁরা কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।