উপসহকারী প্রকৌশলীর পাঁচ বাড়ি, বিপুল সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল বিভাগের অবসরপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী বয়েন উদ্দিনের ঢাকায় এক বিঘা জমির ওপর একটিসহ তিনটি ও রাজশাহীতে দুটি বাড়ি রয়েছে। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদের মালিক তিনি।জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলার অভিযোগপত্রে এই তথ্য উল্লেখ করা হয়েছে।গত সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে বাগমারা থানায় ওই অভিযোগপত্র দাখিল করা হয়। বয়েনের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মধ্য দৌলতপুর গ্রামে।দুদক সূত্রে জানা যায়, বয়েন উদ্দিন চাকরিতে যোগ দেন ১৯৭৭ সালে, মাসিক দুই হাজার ৩০০ টাকা বেতনে। তিনি গত বছর অবসর নিয়েছেন। সর্বশেষ তাঁর বেতন ছিল সব মিলিয়ে প্রায় ১৫ হাজার টাকা। এ ছাড়া পৈতৃক সূত্রে বয়েন পেয়েছিলেন মাত্র ৩৩ শতাংশ জমি।দুদকের তদন্ত কর্মকর্তা ও অভিযোগপত্র সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজনের কাছ থেকে অভিযোগ পেয়ে গত বছরের ডিসেম্বরে দুদক বয়েন উদ্দিনের বিরুদ্ধে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে সম্পদের বিবরণী চেয়ে তাঁর কাছে নোটিশ পাঠায় দুদক। নোটিশ পেয়ে তিনি ২৮ লাখ টাকার সম্পদের হিসাব দাখিল করেন।কিন্তু এতে সন্দেহ হলে দুদক অধিকতর তদন্তে নামে। তদন্তকালে দুদকের সহকারী পরিচালক সমর কুমার ঝা বয়েন উদ্দিনের জ্ঞাত আয়বহির্ভূত ২১ লাখ ১২ হাজার ৬২ টাকা এবং সম্পদের তথ্য গোপন করা ১১ লাখ ৫৮ হাজার ৪২১ টাকা ২২ পয়সাসহ মোট ৪১ লাখ ১৯ হাজার ৪৪০ টাকা ২২ পয়সার সম্পদের হিসাব পান। ওই সময়ের জিনিসপত্র ও জমির দাম হিসাব করে তাঁর সম্পদের এই মূল্য নির্ধারণ করা হয়। বর্তমানে বয়েন উদ্দিনের সম্পদের মূল্য কোটি কোটি টাকা।জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং এ-সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে ২৯ মার্চ বাগমারা থানায় বয়েন উদ্দিনের বিরুদ্ধে মামলা করে দুদক।তদন্তকালে মামলার তদন্ত কর্মকর্তা সমর কুমার ঝা ঢাকার মিরপুরের পীরেরবাগের ২৮৬/১ ঠিকানায় বয়েন উদ্দিনের চারতলার একটি, মাটিকাটা ক্যান্টনমেন্ট ও পীরেরবাগ এলাকায় টিনের দুটি, রাজশাহীর শিরোইল এলাকায় একটি, রাজশাহীর বাগমারায় বয়েনের নিজ গ্রামে একতলা একটি বাড়ির সন্ধান পান। পীরেরবাগের টিনের একটি বাড়ি এক বিঘা জমির ওপর। এ ছাড়া বাগমারায় তাঁর একটি মার্কেট রয়েছে।তদন্ত কর্মকর্তা সমর কুমার ঝা প্রথম আলোকে বলেন, ঢাকার চারতলা বাড়িটি বয়েন উদ্দিন ১৯৯৪ সালে নির্মাণ করেছেন। এতে তাঁর ২৩ লাখ টাকা খরচ হয়েছে বলে দাবি করেন বয়েন। তবে তদন্তে খরচের এই পরিমাণ আরও অনেক বেশি হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া সম্পদের বিরাট অংশ বয়েন তাঁর স্ত্রী রাজিয়া সুলতানার নামে করেছেন। বিষয়টি তদন্ত করে রাজিয়ার বিরুদ্ধে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক।এ ব্যাপারে বয়েনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দুদকের কাছে আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্যে বয়েন বলেন, শ্বশুরের কাছ থেকে পাওয়া সম্পত্তি, জমির ফসল ও টিউশনি করে এই সম্পদ গড়েছেন তিনি।