উপসাগরীয় দেশগুলোতে চাকরির সুযোগ কমে আসায় ও স্বজনদের মুখের দিকে তাকিয়ে অবৈধভাবে মালয়েশিয়ার পথে রোহিঙ্গাদের ঢলে যোগ দিচ্ছেন বাংলাদেশি তরুণেরা। সমুদ্রপথে এ অবৈধ যাত্রায় তাঁরা পরোয়া করছেন না মৃত্যুঝুঁকিকেও। খবর এএফপির।
খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে লাখ লাখ বাংলাদেশির অর্থনৈতিক দুরবস্থা আরও বেড়েছে। এ সুযোগকেই পুঁজি করছে মানব পাচারকারীরা। সহজ-সরল মানুষগুলোকে হাত করে নিত্যনতুন পন্থায় ঠেলে দিচ্ছে দুর্গম সাগরযাত্রায়।
প্রশাসনের কর্মকর্তা ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলাপ করে জানা যায়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও সমৃদ্ধ দেশ মালয়েশিয়ায় পাচারকারীদের চাকরির প্রলোভনে সাড়া দিয়ে সারা দেশেই গ্রামগঞ্জ ছেড়েছেন বহু মানুষ।
এ প্রসঙ্গে কক্সবাজারের টেকনাফের লেদা গ্রামের ইমাম ওয়াজি উল্লাহ (৫০) বলছিলেন, ‘ভয়াবহ সমুদ্রযাত্রায় যোগ দিতে লোকজন চড়া সুদে ধার করা বা স্বর্ণালংকার কিংবা মূল্যবান জমিজমা পর্যন্ত বেচে দিচ্ছেন।’
কৃষিশ্রমিক হারুন-উর-রশিদ বলেন, সাগরপথে পাড়ি দেওয়া লোকজনের ভয়াবহ পরিস্থিতির কথা জেনেও গ্রাম ছেড়ে ওই পথ ধরার চিন্তা করছিলেন তিনিও। কেউ কেউ পথেই মারা পড়লেও অন্যরা তো মালয়েশিয়ায় চাকরি পাচ্ছেন।
হারুন বলেন, ‘এখানে কাজ মেলা খুব কঠিন। ছয় সদস্যের পরিবারের ব্যয় মেটানোর মতো যথেষ্ট আয় নেই আমার। এখানে ঘাম ঝরানো অর্থহীন। বিদেশ গেলে অন্তত সংসারকে তো আমি চালাতে পারব।’
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম তিন মাসে বঙ্গোপসাগর হয়ে মালয়েশিয়ার পথে সমুদ্রে পাড়ি জমিয়েছেন ২৫ হাজারের বেশি বাংলাদেশি ও রোহিঙ্গা। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষত গ্রামাঞ্চল থেকে অবৈধভাবে বিদেশগামী মানুষের ঢল নামার কারণই হলো দেশে কাজের প্রচণ্ড অভাব। গ্রামাঞ্চলে ধান ও অন্যান্য খাদ্যশস্যের দাম ক্রমাগত পড়ে যেতে থাকায় কৃষক ও কৃষিশ্রমিকদের মধ্যে বিরাজ করছে গভীর হতাশা। তাঁরা আরও বলছেন, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার যদিও ৬ শতাংশের ওপর, তবু এক-চতুর্থাংশ লোকের বসবাস দারিদ্র্যসীমার নিচে। আর মৌসুমি ঘূর্ণিঝড় ও বন্যার মতো দুর্যোগও নিয়মিত লেগে আছে।
অভিবাসন ইস্যু নিয়ে গবেষণাকারী একটি প্রতিষ্ঠানের প্রধান তাসনিম সিদ্দিকী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা ও যেখানে শস্যের উৎপাদন লাভজনক নয়, সেসব স্থানের মানুষ বিদেশ যেতে মরিয়া হয়ে উঠছেন।’
এর সঙ্গে যোগ হয়েছে ব্যাপক দুর্নীতি ও রাজনৈতিক সংঘাত-অস্থিরতা। এ অবস্থায় মূলত উপসাগরীয় দেশেই বাংলাদেশিরা বেশি পাড়ি জমাতেন। পরিবারের সুখের আশায় নির্মাণ ও গৃহশ্রমিকের মতো কাজ করে টাকা পাঠাতেন। কিন্তু শ্রমবাজার সংকুচিত হয়ে আসায় বাংলাদেশি কর্মীদের শীর্ষ তিন নিয়োগদাতা দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া লোক নিয়োগ কমিয়ে দিয়েছে।
সরকারি হিসাবে, ২০০৮ সালে বিদেশে বাংলাদেশি কর্মী ছিলেন ৮ লাখ ৭৫ হাজার ৫৫ জন। এঁদের অধিকাংশই ছিলেন উপসাগরীয় দেশগুলোতে। এ সংখ্যা অর্ধেকটা কমে ২০১৪ সালে এসে দাঁড়িয়েছে ৪ লাখ ২৫ হাজার ৬৮৪ জনে। এ ছাড়া এই মুহূর্তে, এসব কর্মীর চেয়ে এখন নারী গৃহকর্মীর চাহিদাই বেশি।
বাংলাদেশি কর্মীদের পছন্দের গন্তব্য মালয়েশিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ ও অসাধু নিয়োগদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধভাবে লোক পাঠানোর কারণে ২০০৭ সাল থেকে শ্রমিক নেওয়া স্থগিত করেছে।
বাংলাদেশ থেকে নৌকায় পাড়ি জমানো অভিবাসীদের নিয়ে অনেক বছর কাজ করেছেন, জাতিসংঘের নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন কর্মকর্তা বলেন, নৌকায় করে মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বাংলাদেশিদের স্বল্পসংখ্যায় প্রথম যাত্রা শুরু হয় ২০০৫ সালের দিকে। আর তখন থেকে পাচারকারী চক্র শক্তিশালী হওয়া শুরু করে। এখন গোটা দেশেই ছড়িয়ে পড়েছে এ চক্র। সবচেয়ে লাভজনক সংগঠিত অপরাধের অন্যতম হয়ে উঠেছে এ মানব পাচার।