উপস্থিত না থাকায় নোটিশদাতা সাংসদদের ভর্ৎসনা স্পিকারের
নোটিশ দিয়ে সংসদে উপস্থিত না থাকায় নোটিশদাতা সাংসদদের গতকাল বুধবার ভর্ৎসনা করেছেন স্পিকার আবদুল হামিদ। দুটি বিল পাস করতে গিয়ে তিনি বলেন, চার-পাঁচ মিনিটে বিল পাসের জন্য সংসদ বা স্পিকার দায়ী নন। এ জন্য নোটিশদাতারা দায়ী।গতকাল অধিবেশনের শুরুতে মানব পাচার প্রতিরোধ ও দমন বিল, ২০১২ পাসের জন্য উত্থাপন করা হয়। কিন্তু বিলের ওপর নোটিশ দেওয়া সদস্যদের কেউ সংসদে উপস্থিত ছিলেন না। এ নিয়ে স্পিকার ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমি অনেক টক শো শুনি। টক শোতে বলা হয়, আমি চার-পাঁচ মিনিটে বিল পাস করে ফেলি। কিন্তু নোটিশ দিয়ে নোটিশদাতারা সংসদে আসেন না। যাঁরা নোটিশ দেন, তাঁরা যদি উপস্থিত থাকতেন, তাহলে আলোচনার সুযোগ থাকত। না থাকলে আমি কী করব? এ ক্ষেত্রে নোটিশদাতাদের অভিযুক্ত করতে হবে।’ বিএনপির মাহবুব উদ্দিন খোকন ও নিলুফার চৌধুরী এবং স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম এই বিলের ওপর ২৫টির মতো নোটিশ দিয়েছিলেন। কিন্তু তাঁরা কেউ গতকাল উপস্থিত ছিলেন না।এ বিষয়ে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার বলেন, ‘আপনারা (সাংবাদিক) সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরবেন। যাঁরা নোটিশ দিলেন, কিন্তু আসলেন না বা যাঁরা একদমই আসেন না, দোষ তাঁদের দিতে হবে। হোয়াই দিস স্পিকার, হোয়াই দিস পার্লামেন্ট। এ জন্য স্পিকার বা সংসদ দায়ী হতে পারে না। যাঁরা টক শোতে আলোচনা করেন, সম্পাদকীয় লেখেন, তাঁদের বলছি, সংসদের কার্যপ্রণালি জেনে লেখেন।’স্পিকার রসিকতা করে বলেন, ‘একটি ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু প্যাসেঞ্জার না আসিলে আমি কী করিব? ডাকিলাম, কাউকে পাইলাম না। আমি কী বসিয়া থাকিব? আমি তো চুপ করে বসে থাকতে পারি না। চুপ করে বসে থাকার রেওয়াজও নেই। আমি বড়জোর থেমে থেমে কথা বলতে পারি। “মাননীয়” বলে কয়েক সেকেন্ড থেমে আবার বলতে পারি “সদস্যবৃন্দ”, তারপর কিছুক্ষণ থেমে বলতে পারি, “আমি বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি।” এভাবে বলে আমি কিছু সময় নষ্ট করতে পারি। কিন্তু তাতে তো দেশের মানুষ বলবে, স্পিকারের মাথা খারাপ হয়ে গেছে বা আমি অন্য দোষে দুষ্ট। অথবা বলবে, আমি সংসদের সময় নষ্ট করছি।’স্পিকারের বক্তব্য শেষে পাস হয় মানব পাচার প্রতিরোধ ও দমন বিল, ২০১২। বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এরপর পাস হয় অপরাধ-সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা বিল, ২০১২। বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।