প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা দেশের সেরা দশে ময়মনসিংহের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শিক্ষার্থী স্থান করে নিয়েছে। আর পরীক্ষায় শতভাগ উপস্থিতি ও সব পরীক্ষার্থীর প্রথম বিভাগ পাওয়ার ভিত্তিতে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ময়মনসিংহ শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) মো. ফসিউল্লাহ জানান, সেরা দশে ময়মনসিংহ শহরের ১১৬ নম্বর নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পারিসা ইসলাম ষষ্ঠ ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ওয়াহিদা তাসনিম সপ্তম স্থান লাভ করেছে। আর এ দুটি প্রতিষ্ঠানের যথাক্রমে শরিফুল ইসলাম ও তায়্যিবাহ তামান্না এবং ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাদমান রাব্বি যুগ্মভাবে ১০ম স্থান লাভ করেছে।জানা গেছে, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এ বছর নিবন্ধন করে মোট ২৮৭ জন শিক্ষার্থী। এদের সবাই পরীক্ষায় অংশ নেয়। আর এদের সবাই প্রথম বিভাগে পাস করেছে। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা বলেন, এলাকার সবার সহযোগিতায় এ ফল অর্জন সম্ভব হয়েছে। আগামীতেও এ সাফল্য ধরে রাখতে আমরা সচেষ্ট থাকব।