উপস্থিতি বাড়াতে অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও শতভাগ ভর্তি নিশ্চিতকরণে গতকাল সোমবার রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় হারাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর আয়োজন করে।সমাবেশে বিড়ি কারখানা থেকে ফিরিয়ে শিশুদের বিদ্যালয়মুখী করতে অভিভাবক-শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমিরুল ইসলাম বলেন, ‘এই অভিভাবক সমাবেশে আমরা বিড়ি কারখানার মালিকদেরও ডেকেছি। তাঁরাও তো অভিভাবক। তাঁরা আশার বাণী শুনিয়েছেন।’কষ্ট হলেও প্রত্যেকটি সন্তান যেন নিয়মিত পড়াশোনা করতে যায়—এই কথায় অভিভাবকেরা হাত উঁচিয়ে ‘হ্যাঁ’ বলেন। সমাজসেবক মীর কাশেম বলেন, ‘বিড়ি কারখানা অধ্যুষিত এই এলাকায় শিশুদের স্কুলে যাওয়ার জন্য এনজিওগুলো কত-না কাজ করেছে। কিন্তু তেমন কাজে আসেনি। এ সমাবেশ আগে শুরু হলে এত দিনে অনেক পরিবর্তন আসত।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তারী পারভিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপপরিচালক মহিউদ্দিন আহমেদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ইউএনও সুলতানা পারভিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম। পরে সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৬৬ জন শিক্ষার্থীকে বই দেওয়া হয়।