
তৃতীয় দফায় গতকাল শনিবার গাইবান্ধা সদর উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন হয়। এবারের নির্বাচনে উপস্থিতির ক্ষেত্রে নারী ভোটাররা ছিলেন এগিয়ে। অধিকাংশ কেন্দ্রেই নারীদের সারি ছিল দীর্ঘ। পুরুষ ভোটারের উপস্থিতি ছিল অনেকটা কম।
গতকাল ছয়টি কেন্দ্র ঘুরে এমন চিত্র চোখে পড়ে। ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটায়। কিন্তু সকাল ১০টা থেকে নারী ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে ভোট দিতে এসেছিলেন পশ্চিম দারিয়াপুর এলাকার গৃহিণী ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিপি বেগম (৪২)। তিনি বলেন, ‘সকালে সংসারের কাজ করতে হয়েছে। তাই ১০টার পর ভোট দিতে এসেছি। রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু ভিড় কমছে না।’ একই ওয়ার্ডের ভোটার মর্জিনা বেগম (৪৫) বলেন, ‘হামরা দল বুজিনে। সগলে এলাকার মানুষ। যাকে ভালো মনে করচি, তাকে ভোট দিনো।’
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, ভোট শুরু হওয়ার সময় পুরুষ ভোটারদের ভিড় ছিল। সকাল ১০টার পর থেকে নারী ভোটারদের উপস্থিতি বেড়ে যায়।
বেলা দুইটায় খোলাহাটি ইউনিয়নের গোদারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেল একই চিত্র। ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোটার কলেজছাত্রী ফাতেমা খাতুন বলেন, ‘ভোটার হওয়ার পর জীবনের প্রথম ভোট দিতে এসেছি। তবে প্রথমবার সৎ ও যোগ্য প্রার্থী দেখে ভোট দেব, তিনি যেন জয়ী হন।’
একই ওয়ার্ডের ভোটার জোবেদা বেগম (৪৮) বলেন, ‘পুরুষের লাইনে ভিড় কম। নারীদের লাইনে তিন ঘণ্টা অপেক্ষার পর ভোট দিতে পেরেছি।’ এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এখানে সংখ্যার অনুপাতে পুরুষ ভোটার বেশি। কিন্তু উপস্থিতির ক্ষেত্রে নারী বেশি ছিল।
বেলা আড়াইটার দিকে একই ইউনিয়নের বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট এসেছিলেন ১ নম্বর ওয়ার্ডের হাসিনা বেগম (৫৫) ও লাইলি বেগম (৫০)। তাঁরা বলেন, ‘টেলিভিশনে বিভিন্ন এলাকার গন্ডগোলের খবর দেখে ভোট দিতে আসতে ভয় পেয়েছিলাম। কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিলাম।’
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর আলম বলেন, সাত ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৩২ হাজার ৯১ জন। এর মধ্যে পুরুষ ৬৪ হাজার ৪২২ ও নারী ৬৭ হাজার ৬৬৯ জন। এ ছাড়া সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭, সংরক্ষিত নারী আসনে ১২২ ও সাধারণ সদস্য পদে ২৮২ প্রতিদ্বন্দ্বিতা করেন।