সরকারি মালামাল বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের কর্মচারী (এমএলএসএস) মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে জেলা জজ আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের আনোয়ার কিছুদিন আগে হরিপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে যোগ দেন। যোগদানের পর থেকেই এলাকাবাসী তাঁর বিরুদ্ধে সরকারি বিভিন্ন জিনিসপত্র বিক্রির অভিযোগ আনেন। গত সোমবার রাতে আনোয়ার স্বাস্থ্যকেন্দ্রের পুরোনো ভবনের টিন ও কাঠ বিক্রির সময় জনতা তাঁকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাঁরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে আনোয়ারকে গ্রেপ্তার করে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাদের জানান, আনোয়ারের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা মূল্যের টিন ও কাঠ উদ্ধার করা হয়।