উপহার দেওয়া বাসে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর উপহার দেওয়া একটি বাস ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে একটি ট্রাককে ধাক্কা দিলে মাসুদ খলিফা (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শনিবার রাতে এ ঘটনায় গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষসহ আহত হয়েছে ১০ জন।
এ ছাড়া গতকাল রোববার যশোরের অভয়নগর উপজেলায় পাজেরোর চাপায় এক ব্যবসায়ী ও ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের চাপায় এক ছাত্র মারা গেছেন।
গোপালগঞ্জে সরকারি বঙ্গবন্ধু কলেজে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া একটি বাস শনিবার ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হয়। রাত নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর সেতুর আগে সোনাশুর এলাকায় সড়কের পাশে বিকল হয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় বাসটি। এতে পাট ব্যবসায়ী মাসুদ খলিফা নিহত হন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ট্রাকের সামনে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যবসায়ী। বাসটি ট্রাককে ধাক্কা দিলে ব্যবসায়ী মাসুদ খলিফা ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।
এ দুর্ঘটনায় আহত হন অধ্যক্ষ মতিউর রহমানসহ কলেজের পাঁচ শিক্ষক ও পাঁচ ছাত্র। অধ্যক্ষ মতিউর রহমান গতকাল বলেন, আহত শিক্ষক-ছাত্রদের মধ্যে ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা ও কলেজছাত্র সুমন বিশ্বাসকে শনিবার রাতেই ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়।
এদিকে গতকাল রোববার ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে নয়ন শেখ (২১) নামের এক ছাত্র নিহত হয়েছেন। সকাল সাড়ে আটটার দিকে বোয়ালামারী পৌরসভার স্টেশন রোড এলাকার সরকারি খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন শেখ আলফাডাঙ্গা উপজেলার কোটারাকান্দি গ্রামের বিল্লাল শেখের ছেলে। তিনি আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।
বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান বলেন, নয়ন বাইসাইকেল চালিয়ে বোয়ালমারী বাজারে আসছিলেন। এ সময় সামনের দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান নয়ন।
যশোরের অভয়নগর উপজেলার আলীপুর এলাকায় পাজেরোর চাপায় মিজানুর রহমান ওরফে লিটন (৩৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মো. নাসিরউদ্দীন (৩৮) নামের আরেক ব্যবসায়ী আহত হন। মিজানুর রহমান উপজেলা সদরের নওয়াপাড়ায় স্বর্ণের ব্যবসা করতেন। তাঁর বাড়ি উপজেলার আলীপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল পৌনে নয়টার দিকে মিজানুর রহমান যশোর-খুলনা মহাসড়ক-সংলগ্ন বাড়ির সামনে দাঁড়িয়ে মো. নাসিরউদ্দীনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় যশোর থেকে খুলনাগামী একটি পাজেরো তাঁদের চাপা দেয়। এতে লিটন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন নাসিরউদ্দীন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার
অবনতি হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।