উপহারের পাঁচটি রিকশা বুঝে পেল আদুরী
ঢাকায় গৃহকর্ত্রীর নির্যাতনের শিকার ছোট্ট আদুরীর কাছে গতকাল রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেওয়া উপহারের পাঁচটি রিকশা হস্তান্তর করা হয়েছে। আদুরীকে একখণ্ড জমির ওপর বসতঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগও নিয়েছে ডিএমপি।
গত ৪ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ আদুরীকে পাঁচটি রিকশা উপহার দেওয়ার ঘোষণা দেন। গতকাল বেলা সাড়ে তিনটায় পটুয়াখালী পুলিশ লাইনে আদুরী ও তার পরিবারের কাছে রিকশাগুলো হস্তান্তর করেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি।
আদুরীর বাড়ি পটুয়াখালী সদর উপজেলার কৌরখালী গ্রামে। পাঁচ বোন ও চার ভাইয়ের মধ্যে আদুরী সপ্তম। গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর পল্লবীর ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিন থেকে প্রায় মৃত অবস্থায় আদুরীকে উদ্ধার করেন দুই নারী। পরে পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার আদুরী পটুয়াখালীর নিজ বাড়িতে ফিরে আসে।