মাহমুদা খানম খুনের মামলায় তাঁর স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের হাতের লেখা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। বাবুলকে এক নারীর উপহার দেওয়া বইয়ে দুজনের সম্পর্কের নানা বিষয় নিয়ে লেখা রয়েছে। সেই লেখা তাঁর কি না, যাচাই করতে চায় পিবিআই।
আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিমের খাসকামরায় এ নুমনা সংগ্রহ করা হয়। মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নমুনা পরীক্ষার আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে বাবুল আক্তারকে বিচারকের খাসকামরায় হাজির করে পুলিশ। বেলা তিনটার দিকে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তিনি বিচারকের খাসকামরায় বসে লেখার নমুনা দেন।
আদালত সূত্র জানায়, বাবুল আক্তার ইংরেজিতে ২০ পৃষ্ঠা লিখেন। তবে তিনি কী লিখেছেন, তা জানা যায়নি।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, অন্য নারীর সঙ্গে সম্পর্কের জেরে সাবেক এসপি বাবুল নিজেই তাঁর ভাড়াটে খুনিদের দিয়ে স্ত্রী মাহমুদা খানমকে খুন করিয়েছেন। তাঁকে সেই নারীর উপহার দেওয়া একটি বই জব্দ করেছে পিবিআই। বইয়ের তৃতীয় পাতায় ওই নারীর হাতের লেখা রয়েছে। ২৭৬ নম্বর পাতায় বাবুলের ইংরেজিতে লেখা রয়েছে। যেখানে পরিচয়, সাক্ষাৎসহ নানা বিষয় রয়েছে। বইটিতে ইংরেজিতে লেখাগুলো বাবুলের কি না, তা পরীক্ষার করতে তাঁর ইংরেজি লেখার নমুনা নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।
আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক আরও বলেন, পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে বইয়ের লেখার সঙ্গে মিল আছ কি না, দেখা হবে।
ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় বাবুলের স্ত্রী মাহমুদা খানমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
এদিকে বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, বাবুলকে ফেনী কারাগারে রাখার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রাখায় বাবুল নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারণ, চট্টগ্রামে কর্মরত থাকাকালে তিনি অনেক দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন। তাঁরা এখন চট্টগ্রাম কারাগারে রয়েছেন।
পিবিআই সূত্র জানায়, ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাবুল আক্তার কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। গত ১৯ জানুয়ারি কক্সবাজারে যে বাসায় ওই নারী থাকতেন, সেই বাসার এক নিরাপত্তাকর্মী সরওয়ার আলম ও গৃহকর্মী পম্পি বড়ুয়া চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলমের আদালতে মাহমুদা হত্যা মামলায় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। সেখানে দুজন কক্সবাজারে ওই নারীর বাসায় বাবুলের যাওয়ার বর্ণনা দেন।
এর আগে গত বছরের মে মাসে বাবুলের শ্বশুরের করা মামলার এজাহারে ওই নারী কর্মকর্তার সঙ্গে সম্পর্কের কারণে বাবুল তাঁর স্ত্রী মাহমুদা খানমকে খুন করার অভিযোগ করা হয়। সর্বশেষ ২ মার্চ ঢাকার বনশ্রীর বাসায় পিবিআই চট্টগ্রামের একটি দল বাবুলের শ্বশুরপক্ষের সাক্ষ্য নেন। তাঁরা একই অভিযোগ করেন। বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত থাকাকালে একটি এনজিওর নারী কর্মকর্তার সঙ্গে বাবুলের সম্পর্ক ছিল। এ কারণে তাঁর মেয়েকে বাবুল প্রায়ই নির্যাতন করতেন। বিষয়টি নিয়ে ওই সময় পারিবারিকভাবে সালিসও হয়। দুজনের সম্পর্কের চিঠি, উপহারসহ নানা কাগজপত্র পিবিআইকে দেওয়া হয়েছে।
মাহমুদা হত্যার পরদিন ২০১৬ সালের ৬ জুন তাঁর স্বামী বাবুল বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। একই দিন বাবুলের শ্বশুর মোশাররফ বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়। এ মামলায় পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দিলে ৬ মার্চ আদালত তা গ্রহণ করেন। বাবুলের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে গত বছরের ৩ নভেম্বর থেকে আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করছে।