রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ ফাউন্ডেশনের উপহার দেওয়া বাসটি ফেরত চেয়ে দ্বিতীয়বারের মতো লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোরশেদ উল আলম।
প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ওয়াজেদ মিয়ার ভাতিজা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম ছায়াদত হোসেনের পক্ষে আইনজীবী রইছ উদ্দিন বাদশা দ্বিতীয়বারের মতো গত ১১ নভেম্বর ওই লিগ্যাল নোটিশ উপাচার্যের কাছে পাঠিয়েছেন। এর আগে গত ২৩ অক্টোবর প্রথম লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
দ্বিতীয় লিগ্যাল নোটিশে নতুন করে বলা হয়েছে, উপহার দেওয়া বাসে ড. ওয়াজেদ ফাউন্ডেশন লেখা থাকলেও তা পরবর্তী সময়ে তুলে ফেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় লেখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আবদুল জলিল মিয়ার হাতে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি তুলে দেন ওয়াজেদফাউন্ডেশনের চেয়ারম্যান ছায়াদত হোসেন। ওই সময়ে এ খবরটি পরিবেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের তথ্য কর্মকর্তা মো. আলীর পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল। বাস হস্তান্তরের এ খবরটি তখন কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিতও হয়েছিল।
ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছায়াদত হোসেন বকুল প্রথম আলোকে বলেন, ‘বাসটি ভাড়ার বিনিময়ে দিয়েছিলাম। কিন্তু সাবেক উপাচার্য চলে যাওয়ার পর চুক্তিপত্র করা সম্ভব হয়নি। প্রতি মাসে ৩০ হাজার টাকা করে ভাড়ার অর্থসহ বাসটি ফেরত চেয়ে দ্বিতীয় লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে উপাচার্য এ কে এম নূর-উন-নবী প্রথম আলোকে বলেন, ‘ওই সময় আমি ছিলাম না। তবে লিগ্যাল নোটিশ পাওয়ার পর হিসাব শাখা ও অফিসের কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, ভাড়ার বিনিময়ে কোনো চুক্তি হয়নি। তবে গাড়ি প্রদানের সময় বাসের চাবি হস্তান্তরের ছবি পাওয়া গেছে।’