বিয়েতে কত রকম উপহার পান নতুন দম্পতি। টিভি, ফ্রিজ থেকে শুরু করে থালা-বাটি বা আসবাবপত্র—বাদ থাকে না কিছুই। নতুন দিনের প্রত্যাশায় ভালোবেসে আপনজনেরা নিয়ে আসেন এসব উপহার। দেখা যায়, এসব উপহারের মধ্যে একই রকম উপহার থাকে। যেমন পাঁচটা ডিনার সেট, চারটা হেয়ার বা আটটা প্রেশার কুকার পেয়েছেন। ভাবছেন, একই ধরনের এতগুলো জিনিস দিয়ে কী করব? একটু কৌশলী হলেই সমাধান পেয়ে যাবেন। বিয়েতে আপনার যে বন্ধুগুলো বেশি খেটেছেন বা কাছের যেসব আত্মীয়স্বজন দূর থেকে এসেছেন, তাঁদের এসব উপহার থেকে দিতে পারেন। এতে তাঁরা খুশি হবেন। তাঁদের আনন্দ থেকে আপনারও ভালো লাগবে।
আড়ংয়ের বিপণন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী তাসনিম হোসেন জানান, নিজেদের পছন্দমতো উপহারগুলো নিজেদের ব্যবহারের জন্য রেখে দিতে পারেন। এরপর বাকি উপহারগুলো যাঁরা অনুষ্ঠানে নানাভাবে সহযোগিতা করেছেন, তাঁদের ভাগ করে দিতে পারেন। তাহলে উৎসবের আনন্দও ভাগ করে নেওয়া হলো। তবে একই ধরনের উপহার পেলে যিনি দিয়েছেন, তাঁকে কখনো বলবেন না যে এই উপহার আরও পেয়েছেন। এতে উপহারদাতা অস্বস্তিতে পড়তে পারেন।
একই ধরনের একাধিক উপহার পেলে নিজেদের জন্য রেখে সবাইকে দিয়েও যদি আরও থেকে যায়, তখন কী করবেন। তারও সমাধান আছে। বাকিগুলো উপহার লেখা স্টিকার খুলে যত্ন করে রেখে দিতে পারেন। নিজেরা যখন অন্য অনুষ্ঠানে অতিথি হয়ে যাবেন, চাইলে সেখান থেকে কোনো উপহার দিয়ে আসতে পারেন।
এবার বলি উপহার যিনি দিচ্ছেন তাঁর জন্য দুটি কথা। উপহার দেওয়ার আগে বেশ কিছু বিষয় বিবেচনা করা উচিত। কোন ধরনের অনুষ্ঠানে যাচ্ছেন, সেটা মাথায় রেখে উপহার কেনা ভালো। উপহারে নতুন কিছু দেওয়ার চেষ্টা করতে পারেন, তাহলে উপহার মিলে যাওয়ার আশঙ্কা কম হবে।
যতটা সম্ভব উপহারে ভিন্নতা রাখতে চেষ্টা করুন। সম্ভব হলে যাঁদের জন্য উপহার কিনছেন, তাঁদের চাহিদা জেনে নিন। এখন অনেক দোকানে ‘গিফট ভাউচার’ পাওয়া যায়। নিজেদের সামর্থ্যমতো গিফট ভাউচার দিলে, নতুন দম্পতি তাঁদের পছন্দমতো জিনিস কিনে নিতে পারবেন।