উপহারের সোনার নৌকা মুক্তিযোদ্ধাকে দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদকে সোনার নৌকা উপহার দেওয়া হয়। তবে সাংসদ এটি বেশিক্ষণ হাতে রাখেননি। অসুস্থ মুক্তিযোদ্ধাকে মঞ্চে ডেকে নিয়ে তাঁর হাতে তুলে দেন সেই নৌকা। এরপর বললেন, ‘সোনার নৌকার প্রাপক আসলে এঁরাই। এটি আমার চেয়ে এখন ওনার বেশি কাজে লাগবে।’

গত শনিবার সন্ধ্যায় সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা) আসনের আওয়ামী লীগের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী এভাবেই সোনার নৌকা ফেঞ্চুগঞ্জের ক্যানসার আক্রান্ত মুক্তিযোদ্ধা মকবুল আলীকে দান করেন। সোনার নৌকা হাতে নিয়ে মুক্তিযোদ্ধা মকবুল আলী আবেগাপ্লুত হয়ে পড়েন।

সাংসদকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছিল ‘ফেঞ্চুগঞ্জ নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন। সংবর্ধিত করে সাংসদকে ‘সোনার নৌকা’ উপহার দেওয়ার পরিকল্পনাও ছিল আয়োজক সংগঠনের। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী ছাড়াও অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে হস্তান্তর করা হয় সোনার নৌকা। সাংসদ সোনার নৌকা হাতে নিয়ে মঞ্চের সামনে সমবেত জনতার মধ্য থেকে মুক্তিযোদ্ধা মকবুল আলীকে ডেকে মঞ্চে তোলেন। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে তাঁর সংগ্রাম করার বিষয়টি উপস্থিত সবাইকে জানিয়ে সাংসদ তাঁর জন্য দোয়া চান। এরপর সোনার নৌকা মকবুলের হাতে তুলে দিয়ে সাংসদ নিজেও আপ্লুত হয়ে পড়েন।

সাংসদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগে মুক্তিযোদ্ধার অসুস্থতার বিষয়টি আমাকে জানিয়ে আর্থিকভাবে সহায়তার অনুরোধ করেছিলেন এলাকাবাসী। ওই মুক্তিযোদ্ধাও অনুষ্ঠানে এসেছিলেন। আয়োজকদের কাছে আমি সোনার নৌকাটির দাম কত পড়েছে জানতে চেয়েছিলাম। তাঁরা আমাকে জানিয়েছেন, এটি ১ লাখ ৫০ হাজার টাকার সোনা দিয়ে তৈরি। তাৎক্ষণিকভাবে আমার মনে হলো, এই সোনা বিক্রি করে মুক্তিযোদ্ধা মকবুল তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে পারবেন। তাই কোনো কিছু না ভেবেই অনুষ্ঠানস্থলেই সোনার নৌকা তাঁর হাতে তুলে দিয়েছি।’

সাংসদের এ দান মুক্তিযোদ্ধাদের জন্য বড় ধরনের মূল্যায়ন বলে মন্তব্য করেন মুক্তিযোদ্ধা মকবুল আলী।