চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদের অনশন কর্মসূচি দুর্বৃত্তদের হামলায় পণ্ড হয়ে গেছে। হামলায় পাঁচ মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহত সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ ইদ্রিস, মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরী, আহাম্মদুর রহমান, নুরুল আলম ও শশাংক চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের মেয়াদ শেষ হবে ১৪ জুন।
উপাচার্যের বিরুদ্ধে জামায়াত-শিবির তোষণ, দুর্নীতি, অনিয়মের অভিযোগে পূর্বঘোষিত কর্মসূচি পালনের জন্য মোহাম্মদ ইদ্রিসের নেতৃত্বে গতকাল সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে ৩০-৪০ জন লোক জড়ো হন। ব্যানার টাঙিয়ে কর্মসূচি পালনের জন্য সেখানে অবস্থান নিতে গেলে কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ৩০-৪০ জনের মতো ছিল। তারা লাঠি দিয়ে কয়েকজন মুক্তিযোদ্ধাকে পেটায় এবং কিলঘুষি মারতে থাকে। এ সময় মুক্তিযোদ্ধাদের অনেকে পাশের চশমার দোকানে এবং গলির ভেতরে আশ্রয় নেন। সেখানেও হামলাকারীরা কয়েকজনকে মারধর করে। দুর্বৃত্তদের হামলায় মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিসের শার্ট ছিঁড়ে যায়।
মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা জানান, হামলাকারীদের মধ্যে রফিকুল হায়দার নামে উপাচার্যের এক ভাতিজাও ছিল। আরেকজন সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের।
অনশন কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার পর প্রেসক্লাবের সামনে সাতকানিয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা মোহাম্মদ ইদ্রিসকে ‘চাঁদাবাজ’ অভিহিত করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানান। সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহেরসহ কয়েকজন মুক্তিযোদ্ধা মানববন্ধনে অংশ নেন। উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের বাড়িও সাতকানিয়ায়।
কিছুক্ষণ পর সাতকানিয়া উপজেলাবাসীর ব্যানারে প্রেসক্লাবের অদূরে চেরাগী পাহাড় মোড়েও মানববন্ধন করা হয়। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন মোহাম্মদ ইদ্রিস ‘চাঁদাবাজ’। মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদকে ‘ভুয়া’, ‘নামসর্বস্ব সংগঠন’ উল্লেখ করেন তাঁরা।
হামলার বিষয়ে কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আমিনুর রসুল প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধাদের একটি অংশ প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালনের জন্য এসেছিলেন। আরেকটি অংশ তাঁদের বাধা দেয়। এতে অপ্রীতিকর ঘটনা ঘটে। পুলিশ সদস্যরা আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মোহাম্মদ ইদ্রিস দাবি করেন, উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবিরের অনুসারী লোকদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগ দিয়েছেন। অথচ মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার মানবতাবিরোধী অপরাধীদের বিচার করছে। কিন্তু উপাচার্য একাত্তরের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
আহত মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন নিয়োগের প্রক্রিয়ায় জামায়াত-শিবিরের লোকজন কেন অগ্রাধিকার পাচ্ছে সেটাই আমাদের প্রশ্ন। তিনি ক্যাম্পাসকে পরিবারতন্ত্রে পরিণত করেছেন। এ কারণে তাঁর পদত্যাগের দাবিতে আমরা অনশন কর্মসূচি দিয়েছিলাম। সেই কর্মসূচি পণ্ড করতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।’
তবে সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের দাবি করেন, বিভিন্ন সময় বিভিন্ন নামে উদ্দেশ্য হাসিলের জন্য মোহাম্মদ ইদ্রিস মুক্তিযোদ্ধাদের ব্যবহার করে ভুয়া সংগঠন তৈরি করেন। তাঁর চাঁদাবাজির কারণে মুক্তিযোদ্ধাদের সুনাম ক্ষুণ্ন হয়।
উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, ‘ইদ্রিসকে আমার সহকর্মীদের কেউ কেউ মদদ দিচ্ছে। সে আসলে চাঁদাবাজ। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার কী সম্পর্ক জানতে ইচ্ছে করে। বিভিন্ন সময়ে সে বিশ্ববিদ্যালয়ে লোক নিয়োগ দেওয়ার জন্য আমাকে চাপ দিয়ে আসছিল। কিন্তু লোকবল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কিছু নীতিমালা আছে।’
উপাচার্য বলেন, ‘আমি সিনেট সভা ডেকেছিলাম। একপক্ষ হাইকোর্টে গিয়ে সেই সভা ওপর স্থগিতাদেশ নিয়ে আসেন। ওই পক্ষের সঙ্গে তাঁদের যোগসাজশ থাকা অস্বাভাবিক কিছু নয়। প্রেসক্লাবের সামনে হামলার ঘটনায় আমার ভাতিজাকে জড়ানো হচ্ছে। এই অভিযোগও ঠিক নয়।’
উপাচার্যের বক্তব্য প্রত্যাখ্যান করে মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়োগ দিতে দাবি জানিয়েছিলাম। কিন্তু তিনি জামায়াত-শিবিরের লোকজন নিয়োগ দিয়ে আসছেন। নিজের ছেলে, ছেলের বউ ও আত্মীয়দের নিয়োগ দিয়েছেন। আমরা সেই তালিকা প্রকাশ করব।’
মোহাম্মদ ইদ্রিস দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক তাঁদের মদদ দিচ্ছেন না। বিবেকের তাড়নায় তাঁরা উপাচার্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন।