উপাচার্য অবরুদ্ধ, পদত্যাগ না করায় অনড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষকেরা। ছবি: এস. এম. রাসেল রাব্বী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষকেরা। ছবি: এস. এম. রাসেল রাব্বী

পদত্যাগে বাধ্য করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেনকে দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রেখেছেন সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা।

পদত্যাগ না করা পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক মুহম্মদ হানিফ আলী। আর পদত্যাগ কোনো সমাধান নয় জানিয়ে পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় রয়েছেন উপাচার্য আনোয়ার হোসেন। সমস্যা সমাধানে তিনি রাষ্ট্রপতির সহায়তা চেয়েছেন।

এর আগে আজ বুধবার সকাল থেকেই সাধারণ শিক্ষক ফোরামের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সর্বাত্মক ধর্মঘট পালন শুরু হয়। সকাল থেকেই প্রশাসনিক ভবনে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষকেরা। বেলা ১১টার দিকে উপাচার্য, দুই সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর দুই সহ-উপাচার্য আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে কথা বলার জন্য বের হয়ে আসেন। তবে ধর্মঘট চলার সময় প্রশাসনিক ভবনে প্রবেশ করাকে কেন্দ্র করে তাঁদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষকনেতাদের বাগবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরই শিক্ষকেরা উপাচার্যের অফিসকক্ষের দুটি দরজার সামনে অবস্থান নিয়ে তাঁকে অবরুদ্ধ করেন।

পরে দুপুর দুইটার দিকে দুই সহ-উপাচার্য আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে কথা বলে উপাচার্যকে বের করে আনার চেষ্টা করেন। কিন্তু শিক্ষকেরা এতে অস্বীকৃতি জানালে দুই সহ-উপাচার্য ফিরে যান।

বিকেল সাড়ে চারটার দিকে অধ্যাপক হানিফ আলী সাংবাদিকদের বলেন, পদত্যাগ না করা পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হবে। কোনো অবস্থাতেই তাঁরা এই সিদ্ধান্ত থেকে সরে আসবেন না বলেও জানান তিনি। 

বিকেল পৌনে পাঁচটার দিকে উপাচার্য তাঁর নিজ অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ ও ১৯৭৩-এর অধ্যাদেশের চাকরিবিধি অমান্য করে শিক্ষকেরা তাঁকে অবরুদ্ধ করে রেখেছেন। তিনি বলেন, সম্পূর্ণ বেআইনি ও অযৌক্তিক অভিযোগ এনে তাঁর পদত্যাগ দাবি করছেন কিছু শিক্ষক। কিন্তু পদত্যাগ কোনো সমাধান নয় বলে জানান তিনি।

এদিকে সর্বাত্মক ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। ভোর পাঁচটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলাচল বন্ধ ছিল। প্রশাসনিক ভবনের পাশাপাশি পরিবহন অফিস ও এস্টেট অফিসের কার্যক্রমও বন্ধ ছিল।

গণমাধ্যমে ছাত্র ও শিক্ষকদের সম্পর্কে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দেওয়া, গত বছরের ১ ও ২ আগস্ট সন্ত্রাসী হামলা এবং ১২ ফেব্রুয়ারি একজন ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে সংঘটিত ভাঙচুরের বিচার না হওয়াসহ ১২টি অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবি করে শিক্ষক সমিতি। দাবি আদায়ের লক্ষ্যে গত ২০ জুন থেকে প্রশাসনিক ভবন অবরোধ শুরু করেন তাঁরা। পরে প্রশাসনিক ভবন অবরোধের ফলে সৃষ্ট অচলাবস্থার সমাধান চেয়ে ৭ জুলাই হাইকোর্টে রিট করেন বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষকসহ একজন শিক্ষার্থী।

২৪ জুলাই হাইকোর্ট প্রশাসনিক ভবন সচল করার নির্দেশ দিয়ে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য রুল জারি করেন। এর পর থেকে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে আন্দোলন চলছে।