
চাকরি স্থায়ীকরণ ও এক বছরের বকেয়া বেতনের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারী উপাচার্য এ কে এম নূর-উন-নবীকে তাঁর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে অবরুদ্ধ করে রাখেন। রাত আটটায় এ প্রতিবেদন লেখার সময়ও তিনি অবরুদ্ধ ছিলেন।
এর আগে উপাচার্য গত বছরের ১৭ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে একটানা ৭৫ ঘণ্টা তাঁর কক্ষে অবরুদ্ধ ছিলেন।

গতকাল কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যের কক্ষের দরজার সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। এ সময় উপাচার্যসহ কক্ষে আটকা পড়েন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোর্শেদ উল আলম, বিজ্ঞান অনুষদের ডিন আর এম হাফিজুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা।
আন্দোলনরত কর্মকর্তাদের পক্ষে সেকশন কর্মকর্তা (গ্রেড-২) ওবায়দুর রহমান বলেন, ‘ন্যায়সংগত দাবি নিয়ে আমরা এক বছর থেকে আন্দোলন করছি। এর আগেও আমরা আন্দোলন করেছি। আমাদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়ন করা হয়নি। তাই নতুন করে আন্দোলন শুরু করতে বাধ্য হলাম।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেতনভুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বর্তমানে ৫৪০ জন। সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়া ইউজিসির অনুমোদন না নিয়ে ৩৩৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছিলেন। এঁদের মধ্যে অনেকের চাকরি স্থায়ী করেছেন নতুন উপাচার্য এ কে এম নূর-উন-নবী। বাকিদের চাকরি স্থায়ী করা হয়নি। বর্তমানে আন্দোলনরত ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরি অন্তর্বর্তীকালীন, যাঁদের চাকরির মেয়াদ গত বছরের জুনে শেষ হয়েছে। এ কে এম নূর-উন-নবী বলেন, ‘ইউজিসির নিয়মের বাইরে কোনো কিছু করার এখতিয়ার আমার নেই। আমি যোগদানের এক বছরের মধ্যে অনেকের চাকরি স্থায়ী করেছি। বাকিদের চাকরি স্থায়ী করতে সময় লাগবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা হয়েছে।’ গত বছরের ৫ মে মুহাম্মদ আবদুল জলিল মিয়াকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।