জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনকে তৃতীয় দিনের মতো অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষকেরা। আন্দোলন জোরদার করতে গতকাল বুধবার ‘শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে নতুন একটি ফোরাম গঠন করেছেন তাঁরা। এদিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও ক্লাস-পরীক্ষার দাবিতে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সমাবেশে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরাও অংশ নেন। তাঁরা বিশ্ববিদ্যালয়কে সচল করার জন্য উপাচার্য ও আন্দোলনকারী শিক্ষকদের আলোচনায় বসার আহ্বান জানান।
উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রায় একই সময় উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরাম সমাবেশ ও মানববন্ধন করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি, কর্মচারী সমিতি এবং কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষকদের আন্দোলনে যোগদান প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান, কর্মচারী সমিতির সভাপতি আব্বাস তালুকদার ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুর রহিম জানান, সংগঠনের কেউ কেউ কর্মসূচিতে উপস্থিত থাকলেও সাংগঠনিকভাবে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করা হয়নি।
আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে বিকেলে সংবাদ সমেঞ্চলন করে শিক্ষক ফোরাম। সাধারণ শিক্ষক ফোরামের সদস্যসচিব মুহাম্মদ কামরুল আহসান বলেন, আজ বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে পর্যায়ক্রমে তাঁর বাসভবনের সুযোগ-সুবিধা হ্রাস করা হবে। আন্দোলনকে আরও বেগবান করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে নিয়ে নতুন ফোরাম গঠন করা হয়েছে। এই ফোরামের প্রধান সমন্বয়ক অজিত কুমার মজুমদার ও সদস্যসচিব মুহাম্মদ কামরুল আহসান।
নতুন ফোরামে শিক্ষার্থীরা আছেন কি না জানতে চাইলে সাধারণ শিক্ষক ফোরামের আহ্বায়ক মুহমঞ্চদ হানিফ আলী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাব। আশা করি, তাঁরা আসবেন।’ যোগাযোগ করা হলে উপাচার্য আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীরা তাঁদের অধিকার নিয়ে কথা বলছেন। এখন অবৈধ এই আন্দোলন আর চলবে না। ধর্মঘটের কারণে গতকালও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় বন্ধ ছিল। তবে আজ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রশাসনিক কাজ ধর্মঘটের আওতামুক্ত থাকবে বলে শিক্ষক সমিতি জানায়।