জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপা-চার্যকে এবার নিজ বাসভবনে অবরুদ্ধ করেছেন আন্দোলনরত শিক্ষকেরা। উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার তাঁরা ধর্মঘটের মধ্যে সর্বাত্মক অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে গতকাল তৃতীয় দিনের মতো ধর্মঘট চলে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পরিবহনব্যবস্থা অচল করার হুমকি ও প্রশাসনিক ভবনে প্রবেশে বাধা সৃষ্টির অভিযোগে গত রোববার প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদারকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে রোববার বিকেলে উপাচার্য মো. আনোয়ার হোসেন জানান, যানবাহন বন্ধ করায় শিক্ষক সমিতির সভাপতিকে বিশ্ববিদ্যায়ের চাকরিবিধি অনুযায়ী চিঠি দেওয়া হয়।
চিঠির বিষয়টি জানতে রোববার রাতে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরামের নেতারা উপাচার্যের বাসভবনে যান। সেখানে চিঠি নিয়ে উপাচার্যের সঙ্গে শিক্ষকদের বাগিবতণ্ডা হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষকেরা উপাচার্যের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া যায়। উপাচার্যের বাসা থেকে বের হয়ে আন্দোলনকারী শিক্ষকেরা তাঁর বাসার সামনে বেশ কিছু সময় অবস্থান করেন। গতকাল বেলা একটার দিকে শিক্ষক সমিতি শিক্ষক ক্লাবে এবং পরে শিক্ষক ফোরাম উপাচার্যের বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে সমিতি জরুরি সাধারণ সভা করেছে। সভায় সিদ্ধান্ত হয়, সমিতির সভাপতিকে সতর্কীকরণ বা তিরস্কারপত্র দেওয়ায় উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত চলমান ধর্মঘটের পাশাপাশি সর্বাত্মক অসহযোগ কর্মসূচি চলবে। উপাচার্যের বাসভবনে সংবাদ সম্মেলনে শিক্ষক ফোরামের সদস্যসচিব মুহাম্মদ কামরুল আহসান বলেন, ‘উপাচার্য আনোয়ার হোসেন পদত্যাগ না করা পর্যন্ত তাঁর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চলবে। তাঁর বাসা অবরুদ্ধ করে রাখা হবে।
গতকাল সন্ধ্যা সাড়ে আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষকেরা উপাচার্যের বাসার সামনে অবস্থান করছিলেন। এর আগে গত আগস্টে উপাচার্যকে নিজ কার্যালয়ে ৮৪ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন আন্দোলনকারী শিক্ষকেরা। উপাচার্য আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় সচল করার জন্যই আমি চিঠিটি দিয়েছি। কোনো শিক্ষক আইনের ঊর্ধ্বে নন।’
জানা গেছে, উপাচার্যের আদেশে গত রোববার রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক শিক্ষক সমিতির সভাপতিকে একটি গোপন চিঠি দেন। এই চিঠিটিকে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরাম কারণ দর্শানোর নোটিশ/তিরস্কারপত্র/সতর্কীকরণ নোটিশ বলছেন। চিঠির শেষে রেজিস্ট্রারের সই রয়েছে।