উপাচার্য ও শিক্ষক ফোরাম অনড়, অচলাবস্থা কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষক ফোরামের নেতারা অনড় অবস্থানে রয়েছেন। কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত বাসভবনের সামনে থেকে সরবেন না আন্দোলনরত শিক্ষকেরা। অন্যদিকে শিক্ষকেরা না সরা পর্যন্ত বাসভবনে ঢুকবেন না উপাচার্য। এমন অনড় মনোভাব নিয়ে গতকাল বুধবার সারা দিন উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করে দুই পক্ষ।
উপাচার্যের পদত্যাগের দাবিতে গত মঙ্গলবার বেলা দুইটা থেকে তাঁর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে সাধারণ শিক্ষক ফোরাম। ওই দিন উপাচার্য বাসভবনে ছিলেন না। রাত ১০টার দিকে তিনি ফিরে এসে বাসভবনের সামনে শিক্ষকদের অবস্থান দেখে ঘোষণা দেন, একজন শিক্ষকও থাকা পর্যন্ত তিনি বাসায় ঢুকবেন না। এরপর তিনি স্ত্রীকে নিয়ে বাসভবনের মূল ফটকের সামনে মাদুর পেতে অবস্থান নেন।
উপাচার্যের কাছেই অবস্থান করছেন আন্দোলনকারী শিক্ষকেরা। ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান মাইকে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি ও তাঁদের কর্মসূচি ঘোষণা করছিলেন। এভাবে মঙ্গলবার সারা রাত উভয় পক্ষ যার যার অবস্থানে ছিলেন।
গতকাল বেলা ১১টার দিকে উপাচার্য প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা না সরা পর্যন্ত তিনি বাসভবনে ঢুকবেন না। এ পরিস্থিতিতে কোনো উদ্যোগ নেবেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি আর কিছু করব না। শিক্ষকদের অনাকাঙ্ক্ষিত ও নাগরিক অধিকার পরিপন্থী আচরণের প্রতিবাদে আমি ও আমার স্ত্রী এখানে অবস্থান করছি।’
এ ছাড়া গতকাল এক বিজ্ঞপ্তিতে উপাচার্য জানান, শিক্ষকদের এ ধরনের ‘অযৌক্তিক ও অমানবিক’ আচরণ বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসন করতে পারবে না, বরং আরও বাড়াবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রপতি ও আচার্য একটি তদন্ত কমিশন গঠন করেছেন। কমিশন ইতিমধ্যে তদন্তকাজ শেষ করেছে। প্রশাসন এখন কমিশনের প্রতিবেদনের দিকে চেয়ে আছে।

বিজ্ঞপ্তিতে উপাচার্য আরও জানান, ডিন নিয়োগের প্রজ্ঞাপন জারিকে কেন্দ্র করে রেজিস্ট্রারকে তিন দিন ধরে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখাও মানবিক আচরণের পরিপন্থী। কর্তৃপক্ষ ওই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইন ও নিয়মের বাইরে কাজ করেনি।

এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচির পাশাপাশি চলছে শিক্ষকদের কর্মবিরতিও। ফোরামের আহ্বায়ক মুহমঞ্চদ হানিফ আলী বলেন, ‘আমরা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। কোনো অবরোধ করিনি। কিন্তু উপাচার্য তাঁর স্ত্রীকে নিয়ে বাসভবনের সামনে অবস্থান করে আমাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করছেন।’

এদিকে তৃতীয় দিনের মতো গতকালও অবরুদ্ধ ছিলেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান। এ বিষয়ে উপাচার্য হস্তক্ষেপ না করা পর্যন্ত তাঁদের অবরুদ্ধ রাখা হবে বলে জানিয়েছে ফোরাম।

ভর্তি কমিটির সভা হয়নি: গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির পূর্বঘোষিত সভা হয়নি। চলমান অচলাবস্থার কারণে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অফিস আদেশের মাধ্যমে সভার দায়িত্ব সহ-উপাচার্যকে দেওয়া হয়নি—এ অভিযোগে গত ২৬ সেপ্টেম্বর ভর্তি কমিটির সভা বর্জন করেন তিনজন ডিন। ফলে সভা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি সেদিন।

শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন: বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে গতকাল মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার’-এর ব্যানারে বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে তাঁরা এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের করা হয়। শিক্ষক ও অর্ধশতাধিক শিক্ষার্থী মানববন্ধন এবং মৌন মিছিলে অংশ নেন।

স্বাভাবিক ক্লাস-পরীক্ষা বন্ধ: শিক্ষক ফোরামের ডাকা সর্বাত্মক কর্মবিরতির পঞ্চম দিন গতকালও অধিকাংশ বিভাগে স্বাভাবিক ক্লাস-পরীক্ষা হয়নি। বিভাগগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। কিছু কিছু বিভাগে দু-একটি ক্লাস হয়েছে।