উপাচার্য ও সহ-উপাচার্য নেই, প্রশাসনিক কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের পদটি শূন্য রয়েছে দীর্ঘদিন। আর ৯ জানুয়ারি শেষ হয়েছে উপাচার্যের মেয়াদ। এরপর নতুন উপাচার্য নিয়োগ না দেওয়ায় অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টি।
শীর্ষ দুটি পদ খালি থাকায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অনেক সমস্যা দেখা দিয়েছে। মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কাউকে দায়িত্ব না দেওয়ায় উপাচার্যের যেসব কাজ, তার অনেকটাই কেউ পালন করতে পারছেন না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ সহ-উপাচার্য ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। ২০১৩ সালের ১০ জানুয়ারি উপাচার্য হিসেবে দায়িত্ব পান তিনি। সেই থেকে উপ-উপাচার্যের পদটি খালি রয়েছে।
চলতি মাসের ৯ তারিখে উপাচার্য হিসেবে দায়িত্ব শেষ করেন ফায়েক উজ্জামান। এরপর তিনি আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। উপাচার্যের কাজগুলো চালিয়ে নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়নি কাউকে। তবে কোষাধ্যক্ষ হিসেবে যতটুকু সম্ভব দায়িত্ব পালন করছেন খান আতিয়ার রহমান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বড় বড় সমস্যার সিদ্ধান্ত দেন উপাচার্য। তাঁর অনুমতি ছাড়া অনেক ছোটখাটো কাজও করতে পারেন না শিক্ষক-কর্মকর্তারা। কিন্তু বর্তমানে পদটি শূন্য থাকায় ওই কাজগুলো কেউ করতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ যেকোনো কাজে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত অনুমোদন দিতে পারেন। আর উপ-উপাচার্য পারেন ৫০ হাজার টাকা। এর ওপরের সব ধরনের আর্থিক লেনদেনের জন্য অনুমতি প্রয়োজন হয় উপাচার্যের। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও বিভাগীয় প্রধানের ছুটি, কোনো বিভাগের বাইরে ট্যুর প্রোগ্রামের অনুমোদনসহ অন্য সব বড় কাজের জন্য প্রয়োজন হয় উপাচার্যের অনুমতি। শুধু তা-ই নয়, বিশ্ববিদ্যালয়ের বাস সিটি করপোরেশনের বাইরে যেতেও উপাচার্যের অনুমতির প্রয়োজন হয়। কিন্তু উপাচার্য না থাকায় এসব কাজ এখন স্থবির হয়ে পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) খান মো. অলিয়ার রহমান বলেন, ৩০ হাজার টাকায় দৈনন্দিন কাজ ছাড়া তেমন কিছুই করা সম্ভব হয় না। বড় বড় আর্থিক লেনদেনের ফাইলগুলো এই দপ্তর ও ট্রেজারারের দপ্তর থেকে ছাড় হয়ে উপাচার্যের অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে। তবে দৈনন্দিন কাজগুলো কোনো রকম চালিয়ে নেওয়া হচ্ছে। তিনি এই সমস্যা কাটাতে যত দ্রুত সম্ভব উপাচার্য নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সরদার শফিকুল ইসলাম বলেন, মন্ত্রণালয় থেকে কোষাধ্যক্ষকে কিছু দৈনন্দিন কাজ করার অনুমতি দেওয়া হলে এ ধরনের জটিলতায় পড়তে হতো না।
এ ব্যাপারে কোষাধ্যক্ষ খান আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, উপাচার্য দেশের বাইরে বা ছুটিতে গেলে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়ে ওই দায়িত্ব পালন করার জন্য বলা হয়। কিন্তু এবার উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার পর তা করা হয়নি। ফলে দৈনন্দিন কাজের বাইরে আর কিছু করা যাচ্ছে না।