উপাচার্য ও সহ উপাচার্যের কক্ষে ছাত্রলীগ নেতাদের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরির দাবিতে উপাচার্য, সহ-উপাচার্য ও প্রশাসনিক ভবনের অধিকাংশ কক্ষ দেড় ঘণ্টা তালাবদ্ধ করে রেখেছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৮-১০ জন নেতা-কর্মী। গতকাল সোমবার বহিরাগত ২০-২৫ জনকে নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটান।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. লেলিন ও ছাত্রলীগের সাবেক নেতা মো. জাপানের নেতৃত্বে চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের সাবেক সহসভাপতি তৌফিক হিটলার, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, আবুল কাসেমসহ ৮-১০ জন নেতা-কর্মী প্রশাসন ভবনের সামনে গিয়ে চাকরির দাবিতে স্লোগান দিতে থাকেন। তাঁরা এ সময় উপাচার্যের কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেন। এরপর একে একে সহ-উপাচার্য, কোষাধ্যক্ষের কক্ষসহ অধিকাংশ কক্ষে এবং প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে কোষাধ্যক্ষ অধ্যাপক আফজাল হোসেনসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী প্রশাসন ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার ও সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের কাজে গতকাল ঢাকায় অবস্থান করছিলেন। পরে বেলা পৌনে একটার দিকে প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক মাহবুবর রহমান ঘটনাস্থলে গিয়ে উপাচার্য ও সহ-উপাচার্য ক্যাম্পাসে এলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে—এমন আশ্বাস দিলে নেতা-কর্মীরা তালা খুলে দেন। ছাত্রলীগের সাবেক নেতা মো. জাপান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা এবং বর্তমান ও সাবেক কমিটির ছাত্রলীগের নেতারা দীর্ঘদিন ধরেই তাঁদের বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু আদৌ চাকরি হবে কি না, সেই আশঙ্কায় আজ (সোমবার) নেতা-কর্মীরা বিভিন্ন কক্ষে তালা দিয়েছেন।’
প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘উপাচার্য ও সহ-উপাচার্য আসার পর এ ব্যাপারে কথা বলা হবে, এমনটি ছাত্রলীগের নেতা-কর্মীদের জানানোর পর তারা তালাগুলো খুলে দেয়।’