উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে ফের শিক্ষকেরা মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আবারও আন্দোলন শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতি। দাবি আদায়ে গতকাল মঙ্গলবার তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শতাধিক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। শিক্ষকদের প্রতিবাদ দেখে ভিড় জমিয়েছিলেন বেশ কয়েকজন শিক্ষার্থীও।বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানের পদত্যাগের দাবিতে এর আগেও প্রায় এক মাস কর্মবিরতি পালন করেছিলেন শিক্ষকেরা। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তখন তাঁরা ক্লাসে ফিরে যান। এবার পদত্যাগ না করা পর্যন্ত নবীনবরণ, বিদায় সংবর্ধনা, খেলা, উদ্বোধন, কর্মশালা, সেমিনার, সম্মেলন, বিভাগীয় সংসদ প্রভৃতি অনুষ্ঠানে উপাচার্য ও সহ-উপাচার্যকে বয়কট করা এবং তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানে শিক্ষকদের অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। মানববন্ধনে শিক্ষকেরা কোনো বক্তব্য দেননি। তবে গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা বলেছেন, প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে শিক্ষক সমিতি কর্মবিরতি সাময়িক স্থগিত করেছিল। কিন্তু ৬ জুন ‘বুয়েট শিক্ষক সমিতি কর্তৃক উত্থাপিত দাবির প্রেক্ষিতে বাস্তব পরিস্থিতি ও দালিলিক প্রমাণসহ বুয়েট কর্তৃপক্ষের বক্তব্য’ শীর্ষক একটি প্রচারপত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওই বক্তব্যে কর্তৃপক্ষ বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য পরিবেশন করেছে। শিক্ষকদের সম্পর্কে মানহানিকর তথ্য বুয়েটের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে কর্তৃপক্ষ নৈতিকতাবিবর্জিত কাজ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে একবার মানববন্ধন বা মৌন মিছিল অথবা অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষকেরা। মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, সহসভাপতি মাকসুদ হেলালী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম জাকারিয়া, কোষাধ্যক্ষ আতাউর রহমান এবং জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে হোসেন আলী, নুরুল ইসলাম, মোহাম্মদ আলী চৌধুরী, জয়নুল আবেদীন, সারোয়ার জাহান, আমিনুল হক প্রমুখ অংশ নেন।