ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারকে অপসারণের দাবিতে ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের একাংশ এ মানববন্ধন করে, যারা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যপন্থী হিসেবে পরিচিত। এদিকে সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমানকে অপসারণের দাবিতে আজ পাল্টা কর্মসূচি দিয়েছে অপরাংশ।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে গতকাল সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন শুরু হয়ে শেষ হয় বেলা ১১টায়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের একাংশ এতে অংশ নেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মী ও চাকরিপ্রত্যাশীদের একটি অংশকেও মানববন্ধনে দেখা যায়। কর্মসূচিতে বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের একাংশের আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান, শাপলা ফোরামের একাংশের সভাপতি ও সাবেক সহ-উপাচার্য কামাল উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান উপাচার্য আবদুল হাকিম ক্যাম্পাসকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে গঠিত তদন্ত কমিটি সম্প্রতি যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, তাতে আবদুল হাকিমকে উপাচার্য পদে না রাখার সুপারিশ করা হয়েছে।
এদিকে শাহিনুর রহমানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, আর্থিক অনিয়ম, জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁকে সহ-উপাচার্য পদ থেকে অপসারণের দাবিতে আজ বুধবার ক্যাম্পাসে পাল্টা মানববন্ধন করবে বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের অপর অংশ। এই অংশটি উপাচার্যপন্থী হিসেবে পরিচিত।