উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে সাংসদের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ, সহ-উপাচার্য তোফায়েল আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদসহ ১৮ কর্মকর্তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। এই সাংসদ ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। গত সোমবার রাতে সাংসদ ওই মামলা করেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, মামলাটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে স্থানান্তর করা হয়েছে।এর আগেও মোজাম্মেল হক গত ২৯ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় ১৩ কর্মকর্তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় এক কোটি চার লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। ওই মামলায় দুদক ইতিমধ্যে কাজী শহীদুল্লাহ, তোফায়েল আহমদ চৌধুরী ও কাজী ফারুক আহমেদকে তলব করেছে। মামলার অভিযোগে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা লঙ্ঘনসহ যাবতীয় নিয়মনীতি অমান্য করে বিশ্ববিদ্যালয়ের ১১৯ কর্মকর্তাকে সিলেকশন গ্রেড দেওয়ার মাধ্যমে এই ১৮ শীর্ষস্থানীয় কর্মকর্তা আর্থিকভাবে লাভবান হয়েছেন। গতকাল দায়ের হওয়া মামলার অন্য আসামিরা হলেন: বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (রসায়ন) ড. ফকির রফিকুল আলম, অর্থ ও হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক মোল্লা মাহফুজ আল হোসেন, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ফাহিমা সুলতানা, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) দিলরুবা বেগম, প্রক্টর ও উপ-রেজিস্ট্রার এইচ এম তায়েহীদ জামাল (শিপু), আইনবিষয়ক ইউনিটের উপ-রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান, উপাচার্য দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমান ও মো. হাছানুর রহমান, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আতাউর রহমান, পরিষদ শাখার উপ-রেজিস্ট্রার জয়ন্ত ভট্টাচার্য, কম্পিউটার ও আইসিটি ইউনিটের পরিচালক মো. মুমিনুল ইসলাম, উপ-রেজিস্ট্রার এনামুল করিম প্রমুখ।মামলার এজাহারে বলা হয়, জাল নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ২৩০ জনকে আদালত চাকরিচ্যুত করার নির্দেশ দেন। কিন্তু রায় উপেক্ষা করে এবং চাকরিচ্যুতদের সঙ্গে যোগসাজশে এ বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন-ভাতা দেওয়া হয়। এ প্রক্রিয়ায় আসামিরা বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে অর্থ আত্মসাৎ করেছেন।পরস্পর যোগসাজশে বেতন-ভাতার নামে অর্থ বরাদ্দ দিয়ে তা আত্মসাৎ করার অভিযোগে সাংসদ মোজাম্মেল হক গত ২৮ নভেম্বর জয়দেবপুর থানায় এজাহার দায়ের করেন। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৭-এর ৪ ধারা অনুযায়ী ওই অভিযোগ মামলা হিসেবে রেকর্ড না করে তা গাজীপুর পুলিশ সুপারের কাছে পাঠিয়ে দেন। পরবর্তীকালে পুলিশ সুপার বিষয়টি পর্যালোচনা করে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংসদকে আরেকটি অভিযোগ দাখিল করার অনুরোধ জানান। এই পরিপ্রেক্ষিতে সাংসদ গতকাল আবার অভিযোগটি দাখিল করেন এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি রেকর্ড করা হয়।