
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদের কাছে ভোট চাইলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
আফরোজা স্বামীর পক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় প্রচারণার সময় রেজিস্ট্রার ভবনে উপাচার্যের কার্যালয়ে যান। তখন উপাচার্য তাঁর কার্যালয়ের পাশের একটি কক্ষে বৈঠকে ছিলেন। আফরোজার আসার খবর পেয়ে বৈঠক থেকে উঠে আসেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। হাসিমুখে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন।
উপাচার্য প্রচারণা কেমন চলছে জানতে চাইলে আফরোজা বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালোই চলছে। এদিকে প্রচারণা চালাতে এসেছিলাম। চিন্তা করলাম, আপনার সঙ্গে দেখা করে যাই। আপনার সহযোগিতা চাই, ভোটও চাই।’ এরপর তিনি মির্জা আব্বাসের লিফলেট দেন উপাচার্যের হাতে। আরেফিন সিদ্দিক জানতে চান, তিনি কীভাবে প্রচার শুরু করেন। আফরোজা বলেন, ‘সকালে বের হয়ে রাত আটটা-নয়টা পর্যন্ত কাজ করছি। মানুষের খুব ভালো সাড়া পাচ্ছি।’ তখন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের অভিজ্ঞতা স্মরণ করে উপাচার্য বলেন, ‘নির্বাচনের প্রচার খুব কঠিন কাজ। সিটি নির্বাচন আসলেই খুব কঠিন।’ আফরোজা বলেন, ‘আমি কিন্তু এখানে স্টুডেন্ট ছিলাম। তাই দাবি নিয়ে বলছি, আপনার ভোট চাই।’ উপাচার্য জানতে চান, তিনি কোন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। আফরোজা জানান, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি।
এরপর উপাচার্যের কাছ থেকে বিদায় নিয়ে আফরোজা আব্বাস যান সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদের কার্যালয়ে। আফরোজাকে স্বাগত জানান অধ্যাপক নাসরীন। আফরোজা তাঁর হাতে লিফলেট দিয়ে ভোট চান। এ সময় সহ-উপাচার্য জানান, তিনি সিলেটের ভোটার। আফরোজা বলেন, ‘তাহলে পরিবারের সদস্য ও পরিচিতদের ভোট দিতে বলে দেবেন।’ ‘আচ্ছা, ঠিক আছে। বেস্ট অব লাক’ বলে আফরোজা আব্বাসকে বিদায় জানান নাসরীন আহমাদ।
এর আগে সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল থেকে গতকালের প্রচারণা শুরু করেন আফরোজা আব্বাস। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িতে হামলা প্রসঙ্গে আফরোজা বলেন, ‘এই হামলায় আমরা ভীত নই। আমরা নির্বাচন বয়কট করব না। কোনো অবস্থাতেই পিছু হটব না। সামনে এগিয়ে যাব। আপনারা কারও গুজবে কান দেবেন না।’ তিনি বলেন, ‘গণমাধ্যম যদি ঠিকঠাক কাজ করতে পারে, আইনশৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ আচরণ করে তাহলে নীরব বিপ্লব হয়ে যাবে।’
আরেক প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, ‘নির্বাচন কমিশন সেনাবাহিনী মোতায়েন নিয়ে খেলছে। তারা একবার বলছে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নামাবে, এখন আবার বলছে ব্যারাকে থাকবে। আমরা সেনাবাহিনী চেয়েছি তাদের বিচারিক ক্ষমতাসহ এবং কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি। সুষ্ঠু নির্বাচন চাইলে এটা সরকারকে করতে হবে।’
আফরোজা হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের ঈশা খাঁ, টাওয়ার ভবন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক এলাকায় প্রচারণা চালান। তাঁর সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, সাবেক ডিন সদরুল আমিন, বিএনপির নেতা জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম প্রমুখ।